গাইবান্ধায় আরও ১০০ জনের মধ্যে সেমাই চিনি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার দুটি উপজেলায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আরও ১০০ জন দরিদ্র মানুষের মধ্যে সেমাই, চিনি ও গুঁড়ো দুধ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের কানাইপাড়া, হলদিয়া, বেড়া, সাঘাটা সদর ইউনিয়নের ওয়াপদা বাঁধ, জুমারবাড়ি ইউনিয়নের থৈকরেরপাড়ার ৫০ জন দরিদ্র নারী-পুরুষের প্রত্যেককে এক কেজি সেমাই, আধা কেজি চিনি ও প্রয়োজনীয় গুঁড়ো দুধ দেওয়া হয়। দুপুরে সাঘাটা উপজেলার হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন হলদিয়া গ্রামের সমাজসেবক মতিয়ার রহমান মণ্ডল, সংস্কৃতিকর্মী আবু তাহের, জাকিরুল ইসলাম, জয়নুল আবেদিন, স্কুলশিক্ষক অশোক সাহা, বন্ধুসভার তামজিদুর রহমান, রানা পাপুল প্রমুখ।সেমাই-চিনি পেয়ে কানাইপাড়া গ্রামের রাহেলা বেওয়া (৬০) বলেন, ‘ইদোত মানুষ সেমাই খায়। হামার ঘরে সেমাই খাওয়ার বুদ্দি আচিল না। পোত্তম আলোর সেমাই-চিনি প্যায়া ভালো হলো। সবাই মিলি খাবার পামো।’ বেড়া গ্রামের মজিবুর মিয়া (৫৫) বলেন, ‘চেরমেন-মেম্বরের কাচে সেমাই কেনার ট্যাকা চ্যায়া প্যায়া নাই। তোমরা বাড়িত আসি সেমাই-চিনি দিয়্যা চেরমেনের কাম করল্যান।’ এর আগে গতকাল সকালে বন্ধুসভার সদস্যরা সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদী-তীরবর্তী হরিপুর ইউনিয়নের উজান বোঁচাগাড়ি, লালচামার ও পারাসাদুয়া গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ৫০ জন দরিদ্র নারী-পুরুষের প্রত্যেককে এক কেজি সেমাই, আধা কেজি চিনি ও প্রয়োজনীয় গুঁড়ো দুধ দেন। সেমাই-চিনি পেয়ে আবেগে আপ্লুত হয়ে বোঁচাগাড়ি গ্রামের আছিয়া বেগম (৪২) বলেন, ‘এলাকাত কাম নাই। ছাওয়ার বাপ কয় দিন হলো বাড়িত বসি আচে। ইদের দিন কী খামো, সেই চিন্তা তোমরা দূর করলেন বাহে।’