গাইবান্ধায় ইফতারসামগ্রীর দাম বেড়েছে দ্বিগুণ
গাইবান্ধায় এ বছর রমজান মাসে ইফতারসামগ্রীর দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। ক্রেতারা ইফতারসামগ্রী কিনতে গিয়ে হতভম্ব হয়ে পড়ছেন।
গতকাল সোমবার বিকেলে গাইবান্ধা শহরের কয়েকটি ইফতারসামগ্রী বিক্রির দোকান ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কিন্তু দাম অনেক বেশি। ফলে ক্রেতারা খালি হাতে না ফিরলেও পরিমাণে তুলনামূলক কম কিনছেন ইফতারসামগ্রী।
বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর সাধারণ ইফতারসামগ্রীর দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। প্রতি কেজি সেদ্ধ ছোলা ৬০ থেকে ১০০, প্রতি কেজি বুন্দিয়া ৭০ থেকে ১০০, প্রতি কেজি মুড়ি ৪৫ থেকে ৯০, প্রতি কেজি জিলাপি ৫০ থেকে ১০০, প্রতি কেজি ময়দার ঝুড়ি (চানাচুরের মতো) ৫৫ থেকে ১০০, প্রতি কেজি খেজুর ১৫০ থেকে ২৫০, প্রতি কেজি চিনি ৫৬ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁয়াজু, বেগুনি, চপ প্রতি পিস এক থেকে তিন টাকা বেড়েছে।
গতকাল গাইবান্ধা শহরে ইফতারি কিনতে এসে সদর উপজেলার বালুয়া গ্রামের স্কুলশিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রথম রমজানে বাসার তৈরি ইফতারি খেয়েছি। আজ সেদ্ধ ছোলা ও বুন্দিয়া কিনতে এসে দাম শুনে হতভম্ব হয়ে গেলাম।’ একই গ্রামের রিকশাচালক আবদুল খালেক বললেন, ‘ইফতারির যে দাম, কিনে খাবার মতো আমাদের সামর্থ্য নেই।’
জেলা শহরের বাংলাবাজার এলাকার ব্যবসায়ী তনু মিয়া বললেন, ‘গত বছর ৪৫ টাকায় এক কেজি মুড়ি কিনেছি। সেই হিসাবে আজ এক কেজি মুড়ি নিয়ে দোকানিকে ৪৫ টাকা দিলাম। দোকানি বলল, এটা তো আধা কেজির দাম দিলেন। এবার এক কেজি ৯০ টাকা। আরও ৪৫ টাকা দেন। শেষে এক কেজি কিনতে এসে আধা কেজি কিনলাম।’
এ প্রসঙ্গে গাইবান্ধা শহরের ডিবি রোডের ইফতারসামগ্রী বিক্রেতা রেজাউল মিয়া বললেন, বেশি দামে ছোলা, চিনিসহ অন্যান্য জিনিস কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নেই।
গাইবান্ধা যুব নাগরিক পরিষদের আহ্বায়ক জিয়াউল হক বলেন, ইফতারসামগ্রীর দাম বৃদ্ধির কোনো কারণ নেই। প্রশাসনের তদারকির অভাবে ব্যবসায়ীরা রমজানের দোহাই দিয়ে রাতারাতি দাম বাড়িয়েছেন।
বাজার নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে জেলা মার্কেটিং কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কাঁচামালের দাম বাড়ায় এসব পণে৵র দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন।’ তদারকি প্রসঙ্গে তিনি বলেন, চলতি রমজানে ভেজাল খাদ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিদিন বাজার তদারক করা হচ্ছে।