গাইবান্ধায় এক দিনে শিশুসহ তিনজন খুন
গাইবান্ধার তিন উপজেলায় গতকাল শুক্রবার পৃথক তিনটি ঘটনায় শিশুসহ তিনজন খুন হয়েছেন। তাঁদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন এক অটোরিকশার চালক। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত ব্যক্তিরা হলেন পলাশবাড়ী উপজেলার হোসেনপুর করতোয়াপাড়া গ্রামের রজ্জব আলীর মেয়ে ফেন্সি খাতুন (৭), বাসুদেবপুর গ্রামের অটোরিকশাচালক জাকির হোসেন (৩৪) এবং সদর উপজেলার ভাজনার খামার গ্রামের আবদুল করিম (৪২)।পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, পলাশবাড়ীর হোসেনপুর করতোয়াপাড়া গ্রামে সকালে আবদুল আজিজ, রজ্জব আলী ও মোসলেম মিয়া তাঁদের লোকজন নিয়ে খাস জমি দখল করতে যান। জমি দখল নিয়ে আজিজ ও মোসলেমের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় লাঠির আঘাতে রজ্জবের মেয়ে ফেন্সি মারাত্মক আহত হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সদর উপজেলার ভাজনার খামার গ্রামে বাড়ির সীমানা নিয়ে আবদুল করিমের সঙ্গে প্রতিবেশী শরিফুল ইসলামের বাগিবতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে লাঠির আঘাতে ঘটনাস্থলেই আবদুল করিমের (৪২) মৃত্যু হয়। প্রতিবাদে শরিফুলের বাড়িঘর ভাঙচুর করে গ্রামবাসী। পুলিশ শরিফুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল জানান, গতকাল ভোররাতে পাঁচ ব্যক্তি জাকির হোসেনের অটোরিকশা ভাড়া করে বগুড়া থেকে গোবিন্দগঞ্জ আসে। ছিনতাইকারীরা তাঁর গলা কেটে হত্যা করে গোবিন্দগঞ্জের কাটাখালি হাওয়াখানা স্থানে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে লাশ ফেলে রাখে। পরে তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। সকালে গ্রামবাসী জাকিরের লাশ দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় নিহত জাকিরের স্ত্রী মনজুরী বেগম হত্যা মামলা করেছেন।