গাইবান্ধায় এবার শান্তিপূর্ণ ভোট

মাত্র ১১ দিন আগের কথা। ৫ জানুয়ারি নির্বাচনের আগে ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ সহিংসতার কারণে গাইবান্ধার তিনটি (১, ৩ ও ৪) আসনের ২০৬টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। সেই গাইবান্ধার এসব কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ হলো শান্তিপূর্ণ। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। নিরাপত্তাব্যবস্থায় সাধারণ মানুষ ছিল দুশ্চিন্তামুক্ত। তবে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। প্রশাসন এ জন্য পুরোনো আতঙ্ক ও গতকালের তীব্র শীতকে দায়ী করেছে। অবশ্য এর সঙ্গে ভোট নিয়ে সাধারণ মানুষের কম আগ্রহ ও কয়েকজন প্রার্থীর নির্বাচন বর্জনকেও কম ভোটার উপস্থিতির কারণ বলে মনে করা হচ্ছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এহছানে এলাহী রাতে প্রথম আলোকে বলেন, ‘গাইবান্ধার সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।’ তিনি বলেন, ‘সকালের দিকে ১০-১১ শতাংশ ভোট পড়লেও দুপুরে ১৮-২০ শতাংশ এবং বিকেলে ৬০ শতাংশ ভোটার ছিল। তবে সব মিলিয়ে কত শতাংশ ভোট পড়েছে, তা চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই জানা যাবে।’
৫ জানুয়ারি গাইবান্ধার যে চারটি আসনে ভোট গ্রহণ হয়েছিল, এর মধ্যে সেদিন গাইবান্ধা-২ (সদর) আসনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। সহিংসতার কারণে বাকি তিন আসনের ২০৬টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। এসব কেন্দ্রে গতকাল ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য উপস্থিত ছিলেন।
গাইবান্ধা-৪ আসনের (গোবিন্দগঞ্জ) তালুক কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেলে গিয়ে ভোটারদের সারি দেখা যায়নি। একজন, দুজন করে নারী ভোট দিয়ে বেরিয়ে আসছেন। কেন্দ্রটিতে মোট ভোটার এক হাজার ৯৯০। ঘণ্টাওয়ারি হিসাব নিয়ে জানা গেল, ভোট শুরুর পর প্রথম এক ঘণ্টায় ভোট পড়ে ৩২টি। সকাল ১০টায় ৮১, দুপুর ১২টায় ৩২১, সাড়ে ১২টায় ৫৩০ এবং বেলা আড়াইটায় ৬৯৫টি। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা সাধন কুমার সরকার বলেন, ‘তীব্র শীতের কারণে সকালে অনেক কম ভোটার ছিল। রোদ ওঠার পর পৌনে ১২টার দিকে অনেক ভোটার আসতে থাকে। আড়াইটা পর্যন্ত অনেক ভিড় ছিল।’
একই অবস্থা জানান তালুক কানুপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা। এই স্কুলমাঠে কথা হয় মোছলেম উদ্দিন, মোকছেদ খান, আলী, রহমতসহ কয়েকজনের সঙ্গে। তাঁরা জানান, কেবল আওয়ামী লীগের কর্মী নন, বিএনপি-জামায়াতের অনেকে এসেও ভোট দিচ্ছেন। এর কারণ জানতে চাইলে বললেন, সাবেক সাংসদ মনোয়ার হোসেনের করা উন্নয়ন।
অবশ্য স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ (আনারস) দুপুরে কোমরপুর চৌমাথা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বলেন, ফেব্রুয়ারির পর থেকে গাইবান্ধার সব উপজেলায় জামায়াত-শিবির সহিংসতা চালালেও তিনি এখানে কোনো সহিংসতা চালাতে দেননি। সে কারণেই তাঁকে ঠেকাতে জামায়াত-বিএনপি মনোয়ার হোসেনকে ভোট দিচ্ছে।
তবে মনোয়ার হোসেন বলেন, ‘আবুল কালাম আজাদের লোকজন ৫ জানুয়ারি ১৩টি কেন্দ্র দখল করে আনারস প্রতীকে একচেটিয়া সিল মেরে নেন।’
এই আসনের ১৩০টির মধ্যে ৫ জানুয়ারি ঘোষিত ৫৮টির বেসরকারি ফলাফলে আবুল কালাম আজাদ ৫৯ হাজার ৮৬২ এবং মনোয়ার হোসেন চৌধুরী ১৮ হাজার ৮০৬ ভোট পান। গতকাল ভোট হয় ৭২টি কেন্দ্রে।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের স্থগিত ৫৪টি কেন্দ্রেও শান্তিপূর্ণ ভোট হয়েছে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মনজুরুল ইসলাম (নৌকা) ৫ জানুয়ারি ৫৫টি কেন্দ্রের ফলাফলে ৬০ হাজার ভোটে এগিয়ে ছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার আবদুল কাদের খান গতকালের ভোট গ্রহণ বর্জনের ঘোষণা দেন।
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের ৮০টি কেন্দ্রে গতকাল ভোট হয়। ৫ জানুয়ারি ৫০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ইউনুস আলী (নৌকা) ৭০ হাজার ৬২৬ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম ১২ হাজার ৭৮১ ভোট পান। খাদেমুল গতকালের নির্বাচন বর্জন করায় ভোট নিয়ে মানুষের আগ্রহ ছিল কম।