গাইবান্ধায় এসআই তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে বোনারপাড়া জিআরপি থানার পুলিশ। গতকাল বুধবার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুব এই রিমান্ড মঞ্জুর করেন।

দেবাশীষ দ্বিতীয় বিয়ে করতে স্ত্রী লাবণী সাহার অনুমতি চান। অনুমতি না পাওয়ায় দেবাশীষ এবং তাঁর পরিবারের লোকজন লাবণীকে নির্যাতন করেন। ১০ আগস্ট দুপুরে গাইবান্ধা রেলস্টেশনের অদূরে রাধাকৃষ্ণ এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লাবণী আত্মহত্যা করেন। এই ঘটনায় দেবাশীষসহ ছয়জনকে আসামি করে বোনারপাড়া জিআরপি থানায় মামলা হয়।

আসামিপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা আসামি দেবাশীষ সাহা ও তাঁর মামা পূর্ণচন্দ্র সাহার জামিনের আবেদন জানাই। আদালত দেবাশীষ সাহার তিন দিনের রিমান্ড মঞ্জুর এবং ২০ আগস্ট জামিনের শুনানির দিন নির্ধারণ করেছেন।’

শাস্তির দাবিতে মানববন্ধন

এদিকে দেবাশীষ সাহার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা। এ সময় বক্তব্য দেন গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক, লাবণী সাহার মা গীতা রানী সাহা, ভাই গৌরাঙ্গ সাহা, বাবা গোবিন্দ চন্দ্র সাহা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি আমাতুর নূর, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ প্রমুখ।

বক্তারা এসআই দেবাশীষের ফাঁসির দাবি জানিয়ে বলেন, আসামি একজন পুলিশ কর্মকর্তা। আইনের ফাঁকে যেন তিনি বেরিয়ে না যান। তাই তদন্তসাপেক্ষে তাঁরা আসামির বিচার চান।