গাইবান্ধায় এসএসসির প্রশ্নপদ্ধতি বাতিলের দাবি
এসএসসিতে নতুন প্রশ্নপদ্ধতি বাতিলের দাবিতে গাইবান্ধা শহরের ডিবি রোডে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা। এ ছাড়া একই দাবিতে গতকাল দুপুরে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি শামীম আরা ও সাধারণ সম্পাদক পরমানন্দ দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন, এসএসসি পরীক্ষার্থী জুলফিকার মিয়া, আল-আমিন প্রমুখ।
বক্তারা বলেন, আগে এসএসসিতে সৃজনশীল প্রশ্ন ৬টি ও নৈর্ব্যক্তিক প্রশ্ন ৪০টির উত্তর লিখতে হতো। এখন সৃজনশীল প্রশ্ন ৭টি ও নৈর্ব্যক্তিক প্রশ্ন ৩০টি করা হয়েছে। কিন্তু সৃজনশীল প্রশ্ন বাড়ালেও সময় বাড়ানো হয়নি। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। তাই তাঁরা নতুন পদ্ধতি বাতিলের দাবি জানান।
এদিকে একই দাবিতে গতকাল বেলা পৌনে একটা থেকে আধা ঘণ্টা শহরের ডিবি রোডের ১ নম্বর ট্রাফিক মোড় এলাকায় সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা সড়কের ওপর বসে নতুন প্রশ্নপদ্ধতি বাতিলের দাবিতে স্লোগান দেয়। এ সময় দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।