গাইবান্ধায় কম্পিউটার শিক্ষার কোনো বই এখনো পৌঁছেনি
চলতি শিক্ষাবর্ষের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও গাইবান্ধা জেলার ৬৩৮টি উচ্চবিদ্যালয় ও মাদ্রাসায় নবম শ্রেণীর কম্পিউটার শিক্ষা বই পৌঁছেনি। শুধু কম্পিউটার শিক্ষাবিষয়ক বই নয়, একই শ্রেণীর বেশির ভাগ শিক্ষার্থী উচ্চতর গণিতের বইও পায়নি। গাইবান্ধা এনএইচ মডার্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হোসেন বলেন, শিক্ষাবর্ষের দুই মাস চলে গেলেও কম্পিউটার শিক্ষার বই পাওয়া যায়নি।জেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলার সাত উপজেলার ৪০৪টি উচ্চবিদ্যালয় ও ২৩৪টি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর চার হাজার ২৭২ জন শিক্ষার্থীর জন্য সমপরিমাণ কম্পিউটার শিক্ষা বইয়ের চাহিদা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বরাবরে পাঠানো হয়। কিন্তু গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো বই আসেনি।সদর উপজেলার খোলাহাটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রিপন মিয়া জানায়, বাস্তবতা বিবেচনা করে ঐচ্ছিক বিষয় হিসেবে সে কম্পিউটার শিক্ষা নেয়। কিন্তু এখনো এ বিষয়ের বই পায়নি। অপরদিকে জেলায় নবম শ্রেণীর বিজ্ঞান শাখায় উচ্চতর গণিত বইয়ের চাহিদা তিন হাজার ২৮টি। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বরাদ্দ পাওয়া যায় মাত্র দুই হাজার ১১৭টি। বাকি আরও ৯১১ জন শিক্ষার্থী বইটি এখনো পায়নি। গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্র নয়ন কুমার বলে, অন্য বিষয়গুলো নাহয় মুখস্থ করা যায়। কিন্তু উচ্চতর গণিত তো তা না। অথচ সেই বইটিই এখনো পাইনি। আমরা কী করব?জেলা শিক্ষা কর্মকর্তা আজহার আলী বলেন, উচ্চতর গণিতের বই আংশিক পাওয়া গেলেও কম্পিউটার শিক্ষা বই একটিও পাওয়া যায়নি। তবে কম্পিউটার শিক্ষার বই রংপুরের শিক্ষা পরিদপ্তরের উপপরিচালকের কার্যালয় থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। তবে এখনো সংগ্রহ করা সম্ভব না হওয়ায় শিক্ষার্থীদের তা দেওয়া যাচ্ছে না।