গাইবান্ধায় কলেজছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় গত বৃহস্পতিবার ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছে। নীলফামারীর ডিমলায় এক কিশোরী ও বগুড়ার ধুনটে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গাইবান্ধা: গাইবান্ধা শহরের স্টেডিয়াম সড়কে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কামরুল ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। তার বাড়ি ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি গ্রামে। সে গাইবান্ধা আদর্শ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।কামরুলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আদর্শ কলেজের শিক্ষার্থীরা রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে রাখে। পুলিশ জানায়, কামরুল বৃহস্পতিবার রাত আটটার দিকে শহর থেকে কলেজসংলগ্ন মেসে ফেরার পথে স্টেডিয়ামের কাছে ছিনতাইকারীরা তার কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। গাইবান্ধা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের সাতজান গ্রামে বুড়িতিস্তা নদীর তীর থেকে গতকাল শুক্রবার সকালে মৌসুমী আক্তার (১৭) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৌসুমী ওই গ্রামের দিনমজুর আবদুল গণির মেয়ে। ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে শাপলা খাতুন (১০) নামের এক শিশুর লাশ খাল থেকে পুলিশ উদ্ধার করেছে। চিকাশি ইউনিয়নের ঝিনাই গ্রামের সাত্তার ফকিরের মেয়ে শাপলা গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাই খালের পারে শ্মশানঘাটে ছাগল চড়াতে যায়। গতকাল সকালে লোকজন শাপলার মরদেহ ওই খালে দেখতে পান।