গাইবান্ধায় কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দী গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আজম ওরফে ডলার (৪৮) গতকাল শনিবার সকালে মারা গেছেন। পরিবারের অভিযোগ, সময়মতো চিকিৎসা দিতে অবহেলার কারণে তাঁর মৃত্যু হয়েছে।
জেলা কারাগারের কারাধ্যক্ষ মাসুদার রহমান অবশ্য অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, নাশকতার মামলায় গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে জেলা কারাগারে ছিলেন গাইবান্ধা শহরের পশ্চিমপাড়ার আফতাব খন্দকারের ছেলে গাউসুল আজম।
গাইবান্ধা সদর থানার পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গাউসুল আজম গতকাল ভোরে অসুস্থ হয়ে পড়েন। সকাল সাড়ে সাতটার দিকে তাঁকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে আটটার দিকে তিনি মারা যান। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীনুল ইসলাম বলেন, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
গাউসুল আজমের বড় ভাই আলমগীর হোসেনের অভিযোগ, ‘আমার ভাই বেশ কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কারা কর্তৃপক্ষ সময়মতো চিকিৎসার ব্যবস্থা করেনি। ফলে বিনা চিকিৎসায় তিনি মারা যান। দুদিন আগে কারাগারে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি আমাকে এই অভিযোগ জানিয়েছিলেন।’