সরকারি বিধি ও স্থানীয় প্রশাসনের মতামত উপেক্ষা করে গাইবান্ধায় উচ্চমাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা শাখার পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছে। সীমানাপ্রাচীর ও বিদ্যুৎ-সংযোগ নেই, এমন প্রতিষ্ঠানে কেন্দ্র দেওয়া হয়েছে। এমনকি এমপিওভুক্ত না হওয়া একটি কলেজে কেন্দ্র দেওয়া হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা বিশেষ সুবিধা নিয়ে কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, আগামী ৩ এপ্রিল অনুষ্ঠেয় উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জেলায় ৪৪টি কেন্দ্র স্থাপন করা হয়। এর মধ্যে উচ্চমাধ্যমিক ২৭টি, মাদ্রাসা চারটি ও ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখায় ১৩টি। নিয়মানুযায়ী যে প্রতিষ্ঠানে বিএম শাখার কেন্দ্র স্থাপন করা হবে সেই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষা দিতে পারবে না। এ ছাড়া বিদ্যুৎ-সংযোগ ও সীমানাপ্রাচীর আছে এমন প্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপনের কথা। অথচ পরীক্ষায় সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশি শিক্ষার্থী পাওয়ার আশায় সুন্দরগঞ্জ ও সাদুল্যাপুর উপজেলায় বিধি লঙ্ঘন করে এই শাখার কেন্দ্র স্থাপন করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার মতিয়ার রহমান টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ কর্তৃপক্ষ গত বছর কেন্দ্র স্থাপনের জন্য বোর্ডে আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড উপজেলা প্রশাসনের মতামত চেয়ে চিঠি দেয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব নিরাপত্তাজনিত কারণে ওই কলেজে কেন্দ্র না দেওয়ার জন্য বোর্ডকে চিঠি দেন। কিন্তু সেই মতামতকে উপেক্ষা করে কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় বোর্ড। এ কেন্দ্রের সঙ্গে যুক্ত পার্শ্ববর্তী বজরা কঞ্চিবাড়ি এইউ সরকার মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের কোনো পরীক্ষার্থী নেই।
মতিয়ার টেকনিক্যাল কলেজ অধ্যক্ষ মাহবুবর রহমান বলেন, আমাদের কলেজের ১৭৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা পাশের কলেজে নেওয়া হবে। তাহলে কেন্দ্র নিয়ে লাভ কী—প্রশ্ন করা হলে অধ্যক্ষ বলেন, অন্য দুই টেকনিক্যাল কলেজের পরীক্ষা এখানে নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু ২৬ মার্চ পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এ ছাড়া সীমানাপ্রাচীর ও বিদ্যুৎ-সংযোগ না থাকলেও চলতি বছর একই উপজেলার বাজারপাড়া কারিগরি স্কুল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজে পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়। এখানে পরীক্ষার্থীর সংখ্যা ১৫০ জন। কেন্দ্রের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান দেখানো হয়েছে সুন্দরগঞ্জ কারিগরি কলেজকে। এই কলেজের অধ্যক্ষের সমঞ্চতি ছাড়াই ওই কেন্দ্রের সঙ্গে অন্তর্ভুক্ত দেখানো হয়। কলেজের অধ্যক্ষ আবদুল মোন্নাফ বলেন, ‘আমার কলেজ উপজেলা শহরে। অথচ মতামত না নিয়েই উপজেলা শহর থেকে আট কিলোমিটার দূরে বাজারপাড়া কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হয়। তাই আমি ইউএনওর কাছে অভিযোগ করেছি। ইউএনও গত ১৭ ফেব্রুয়ারি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে (বিএম) চিঠি দেন। কিন্তু ২৬ মার্চ পর্যন্ত এর সুরাহা হয়নি।
বাজারপাড়া কারিগরি কলেজের অধ্যক্ষ খায়রুল ইসলাম বলেন, বেশি শিক্ষার্থী পাওয়ার আশায় কেন্দ্র স্থাপনের অভিযোগ সঠিক নয়। শিক্ষা বোর্ড এখানে কেন্দ্র দিয়েছে। এ ছাড়া প্রশাসন কেন্দ্রের জন্য সুপারিশ করে।
সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজে সীমানাপ্রাচীর, বিদ্যুৎ-সংযোগ নেই। প্রতিষ্ঠানটি এমপিওভুক্তও হয়নি। তার পরও এখানে সাতটি প্রতিষ্ঠান নিয়ে কেন্দ্র দেওয়া হয়। এ ছাড়া দুটি প্রতিষ্ঠান নিয়ে উপজেলা শহরে অবস্থিত সাদুল্যাপুর ডিগ্রি কলেজ কেন্দ্র দেওয়া হয়। এ কেন্দ্র থেকে উপজেলার কিশামত শেরপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। অথচ এই কলেজকে ১৬ কিলোমিটার দূরে ধাপেরহাট কেন্দ্রে দেওয়া হয়েছে।
কিশামত শেরপুর এলাকার অভিভাবক আবুল কাশেম বলেন, পরীক্ষার্থীদের দূরে যাতায়াতে সমস্যা হবে। জেলা প্রশাসক মো. এহছানে এলাহী বলেন, ‘আমি সদ্য এখানে যোগ দিয়েছি। কোনো কেন্দ্রের জন্য মতামত দিইনি। অনিয়ম করে যেসব কেন্দ্র স্থাপন করা হয়, সেগুলো খতিয়ে দেখব।’