গাইবান্ধায় গাছতলায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার লেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব কটি শ্রেণিকক্ষ ঝুঁকিপূর্ণ। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে গাছতলায় চলে শিক্ষার্থীদের পাঠদান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়ে শিক্ষকসংখ্যা নয়জন ও ছাত্রছাত্রী ৪৬০ জন। বিদ্যালয় ভবনে ছয়টি কক্ষ রয়েছে। এর মধ্যে পাঁচটিতে পাঠদান ও একটিতে প্রশাসনিক কার্যক্রম চলছিল। কিন্তু সংস্কারের অভাবে সব কটি কক্ষের ছাদে ও দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। কিছুদিন আগে ভূমিকম্পে এ ফাটল আরও ব্যাপক আকার ধারণ করে। ফলে গত বছরের নভেম্বর মাসের প্রথম থেকে শ্রেণিকক্ষ-সংলগ্ন গাছতলায় খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান চলছে।
গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষ-সংলগ্ন বিদ্যালয় মাঠের গাছতলায় বেঞ্চে বসা শিক্ষার্থীরা। শিক্ষক দাঁড়িয়ে তাদের পড়াচ্ছেন। জানতে চাইলে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী বেবী আক্তার বলে, ‘গাছের নিচে ক্লাস করে রোদ থেকে রক্ষা পাচ্ছি। কিন্তু বাতাসের সঙ্গে বালু এসে চোখমুখ ভরে যাচ্ছে। ওপর থেকে পাখির মলমূত্র পড়ে বই-খাতা নষ্ট হচ্ছে।’ একই শ্রেণির ছাত্রী আঁখি আক্তার বলে, ‘হঠাৎ আশপাশ থেকে নানা ধরনের শব্দ কানে ভেসে আসে। তখন পড়াশোনায় মনোযোগ নষ্ট হয়। এখন কষ্ট করে ক্লাস করছি। কিন্তু বৃষ্টি হলে কীভাবে ক্লাস করব, চিন্তায় আছি।’
লেংগা গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক মিজানুর রহমান বলেন, ‘৪৮ বছর বয়সের এ বিদ্যালয়ের এখন করুণ দশা। ফলে ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে সব সময় উৎকণ্ঠায় থাকি। কখন কী হয়।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানা বেগম বলেন, বিদ্যালয়ের ভবনটি এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল। এরপর ভূমিকম্পে ভবনের ছাদ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ছাদ থেকে পলেস্তারা খুলে পড়ছে। দুর্ঘটনার ভয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা সব সময় আতঙ্কিত থাকে। তাই বিদ্যালয় মাঠে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। সংস্কারের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেকেন্দার আলী বলেন, এমনিতে বিদ্যালয়ের ভবনটি অনেক পুরোনো। এরপর আবার দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। ফলে ভবনটি ব্যবহার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটি জরুরিভাবে মেরামত করা দরকার। তা না হলে শিক্ষার্থীরা পড়ালেখায় ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল জোব্বার গত শনিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টি সংস্কারের জন্য ইতিমধ্যে শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ওই বিদ্যালয়ের সংস্কারকাজ করা হবে।