গাইবান্ধায় গাছের ডাল ভেঙে নিহত ১, আহত পাঁচজন
গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সদর উপজেলার চাপাদহ এলাকায় গত বৃহস্পতিবার রাতে গাছের ডাল ভেঙে পড়ে খোরশেদ আলম (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আহত হয়েছেন ওই পথ দিয়ে যাওয়া অটোরিকশার যাত্রীসহ পাঁচজন। নিহত খোরশেদ আলম গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কিশামত বালুয়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, খোরশেদ আলম বৃহস্পতিবার রাত ১১টার দিকে দুই সঙ্গীসহ মোটরসাইকেলে করে সদর উপজেলার লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে চাপাদহ এলাকায় পৌঁছালে সড়কের পাশের বিশাল আকৃতির একটি রেইন্ট্রির শুকনো ডাল ভেঙে তাঁর মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই খোরশেদ মারা যান। মোটরসাইকেলে থাকা অপর দুজন আহত হন।
এ সময় গাইবান্ধা থেকে লক্ষ্মীপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাও দুর্ঘটনার শিকার হয়। অটোরিকশাটির ওপরও
গাছের ডালের অংশ পড়ায় অটোরিকশার তিন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মেহেদি হাসান আরও বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।