গাইবান্ধায় গুলি করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সামনে ছিনতাই হওয়া ৫৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে এক লাখ ৬৭ হাজার ৯০০ টাকা ও একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহান নবী (৩৫) ও সবুজ মিয়ার স্ত্রী আঙ্গুর রানী (২২)। 

আজ মঙ্গলবার ভোররাতে গাইবান্ধা সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জাহান নবীর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে। একই ইউনিয়নের সবুজ মিয়া পলাতক থাকায় তাঁর স্ত্রী আঙ্গুর রানীকে গ্রেপ্তার করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বলেন, ওই গ্রামে অভিযান চালিয়ে তাঁদেরকে  গ্রেপ্তার  করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদরের পার্ক রোডে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সামনে একজন ব্যবসায়ী ও তাঁর কর্মচারীকে গুলি করে ৫৫ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ দুজন হলেন পল্লব মিয়া (৪২) ও তাঁর কর্মচারী সাখাওয়াত হোসেন (৬০)।

গাইবান্ধার পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন জানান, ব্যবসায়ীর কাছ থেকে নগদ দুই লাখ পাঁচ হাজার টাকা এবং ৪৬ লাখ ও সাত লাখ ৭০ হাজার টাকার দুটি চেক ছিনতাই করে দুর্বৃত্তরা।