গাইবান্ধায় গুলি করে দুই লক্ষাধিক টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের পার্ক রোডে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সামনে গতকাল সোমবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা ব্যাংকে টাকা জমা দিতে আসা সাখায়াত হোসেন (৬০) ও পল্লব মিয়া (৪২) নামে দুই ব্যবসায়ীকে গুলি করে দুই লাখ পাঁচ হাজার টাকা ও দুটি চেক নিয়ে যায়।
গুলিবিদ্ধ পল্লব মিয়াকে গাইবান্ধা সদর হাসপাতাল ও সাখায়াত হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পল্লব শহরের মাস্টারপাড়া ও সাখাওয়াত গাইবান্ধা সদর উপজেলার হরিণসিংহা গ্রামের বাসিন্দা। শহরের ভিএইড রোডে অবস্থিত সোমেশী ট্রেডার্সের মালিক পল্লব মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের ফ্লেক্সিলোড এজেন্ট ও সাখাওয়াত তাঁর সহকারী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা টাকা জমা দিতে মোটরসাইকেলে করে বেলা সাড়ে ১১টায় ন্যাশনাল ব্যাংকের উদ্দেশে আসেন। ব্যাংকের সামনে মোটরসাইকেল থেকে নেমে ব্যাংকে ঢোকার সময় পাঁচ-ছয়জন ছিনতাইকারী আকসিঞ্চকভাবে তাঁদের দুজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে দুই লাখ পাঁচ হাজার টাকা, ৪৬ লাখ ও সাত লাখ ৭০ হাজার টাকার দুটি চেক নিয়ে দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান বলেন, ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।