গাইবান্ধায় ঘুষ দিয়ে ধনীরা পেলেন ভিজিডি কার্ড!
গাইবান্ধার পলাশবাড়িতে দুস্থ ব্যক্তিদের বদলে ভিজিডি কার্ড পেয়েছেন সচ্ছল ব্যক্তিরা। দুই হাজার টাকা করে উৎকোচ নিয়ে ভিজিডি কার্ডের তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকা তৈরির দায়িত্ব পাওয়া জনপ্রতিনিধিরা এ অনিয়ম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে পাকাঘর ও চার বিঘা জমির মালিকেরা ভিজিডির কার্ড পেয়েছেন, অথচ ভূমিহীন এবং মানুষের বাড়িতে কাজ করেন এমন দুস্থ ব্যক্তিরা এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে সম্প্রতি আদালতে মামলা হয়েছে।পলাশবাড়ি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নে দুই হাজার ১৮টি ভিজিডি (ভালনারাবল গ্রুপ ডেভেলপমেন্ট) কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে কিশোরগাড়ি ইউনিয়নে ৩৩৬টি, হোসেনপুরে ২২০টি, পলাশবাড়িতে ২৭২টি, বরিশালে ২১২টি, মহদিপুরে ২৪৯টি, বেতকাপায় ২০৮টি, পবনাপুরে ১৬৮টি, মনোহরপুরে ১৯৯টি ও হরিনাথপুরে ১৫৪টি কার্ড বিতরণ করা হয়েছে। কার্ডগুলো চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিতরণ করা হয়।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুধীরকুমার পাল বলেন, ‘বিধবাভাতা, বয়স্কভাতা ও ১০০ দিনের কর্মসূচির সুবিধা পান না এমন অসচ্ছল দুস্থ ও বয়স্ক নারীদের ভিজিডি কার্ডের তালিকাভুক্ত করার কথা। কিন্তু উপজেলার অধিকাংশ ইউনিয়ন থেকে ভিজিডি কার্ডের তালিকা তৈরিতে অনিয়মের অনেক লিখিত অভিযোগ পাওয়া গেছে। সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তবে উৎকোচ নিয়ে কার্ড দেওয়ার অভিযোগ পাইনি।’ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুধীর কুমার পাল আরও বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) আনিছ আহমদ স্বাক্ষরিত এক পরিপত্রে বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও ১০০ দিনের কর্মসূচির সুবিধা পান না—এমন অসচ্ছল ও দুস্থ মহিলাদের ভিজিডি কার্ডে তালিকাভুক্ত করার কথা বলা হয়েছে।মনোহরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের হতদরিদ্র গীতা রানী বলেন, ‘হামরা মানষের বাড়িত কাম করি। যেকনা ট্যাকা পাই। তাক দিয়া খায়া না খায়া থাকি। চেরমেনের কাচে কাডের জন্যে গেচিনো। হামার কাচে দুই হাজার ট্যাকা চাচিলো। দিব্যার পাই নাই বলি হামাক কাড দেই নাই। ট্যাকা নিয়া বড়োনোকোক কাড দিচে।’মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ারা বেগম জানান, তাঁর ওয়ার্ডের অবস্থাপন্ন জহুরা বেগমের বাড়িতে পাকাঘর থাকলেও তাঁকে ভিজিডির তালিকাভুক্ত করা হয়েছে। মনোহরপুর গ্রামের চার বিঘা জমির মালিক জমিলা বেগমকে (৪৫) ভিজিডি কার্ডের তালিকাভুক্ত করা হয়েছে।মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাজেদ উৎকোচ নিয়ে তালিকা প্রণয়নের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাছাই কমিটির মাধ্যমে উপজেলা পরিষদের কর্মকর্তারা লাইনে লোক দাঁড় করিয়ে তালিকা তৈরি করেছেন। পরে তালিকার কিছু অংশ সংশোধন করা হয়েছে বলে শুনেছি।’কিশোরগাড়ি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মেনেকা বেগম অভিযোগ করে বলেন, নীতিমালা অনুযায়ী সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা ভিজিডি কার্ডের তালিকা প্রণয়ন ওয়ার্ড কমিটির সভাপতি। কিন্তু আমাদের উপেক্ষা করে ভিজিডি কার্ডের তালিকা প্রণয়ন করা হয়েছে। সব ইউনিয়নে তালিকা তৈরিতে অনিয়মের বিষয়ে জেলা প্রশাসক ও মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি।কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম উৎকোচ নিয়ে ভিজিডির তালিকায় সচ্ছল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অন্য কেউ কার্ডের কথা বলে টাকা নিতে পারে, সেটা আমার জানা নেই। তবে লাইনে দাঁড় করিয়ে তৈরি করা তালিকা ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বাছাই কমিটি অনুমোদন করার পর কার্ড বিতরণ করা হয়েছে। সেখানে সংরক্ষিত মহিলা সদস্যদেরও স্বাক্ষর রয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুন নাহার বেগম বলেন, প্রতিটি ইউনিয়নে মাইকিং করে লাইনে দাঁড় করিয়ে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা তালিকা প্রণয়ন কমিটির মতামতের ভিত্তিতেই ভিজিডি তালিকা করা হয়েছে। এতে ভুল থাকলে পরে সংশোধন করার সুযোগ রয়েছে। উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বলেন, ‘মনোহরপুর ইউনিয়নে উৎকোচের ২০০ টাকা কম দেওয়ায় এক মহিলাকে তালিকাভুক্ত না করার অভিযোগ পেয়েছি। পরে ওই মহিলাকে তালিকাভুক্ত করার ব্যবস্থা করেছি। এ ছাড়া প্রায় প্রতিদিনই এ সংক্রান্ত অভিযোগ পাচ্ছি। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।