গাইবান্ধায় চরের জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কাপাসিয়া গ্রামে গতকাল শনিবার চরের জমি দখল নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। নিহত রাজা দেওয়ানের (৫০) বাড়ি কাপাসিয়ার কাজিয়ার চর গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও কাপাসিয়া গ্রামের রেজাউল করিম, কৃষক নুরু মণ্ডল ও তাঁদের লোকজন দীর্ঘদিন ধরে গ্রামের একটি চরের প্রায় ১০০ একর জমি দখলে রেখে চাষ করছে। গতকাল দুপুর একটার দিকে পাশের শ্রীপুর ইউপি সদস্য ফজলুর রহমান ও রাজা দেওয়ানের নেতৃত্বে কাজিয়ার চরের দুই শতাধিক লোক লাঠি, রামদা, বল্লম নিয়ে কাপাসিয়ার চরের ওই জমি দখল নিতে যায়। এ সময় রেজাউল করিম ও নুরু মণ্ডলের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হন। এদের মধ্যে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাজা দেওয়ান।সংঘর্ষে আহত হয়ে গাইবান্ধা সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন কাপাসিয়া গ্রামের আলী হোসেন, সাইফুল ইসলাম, বিলাত আলী, শহিদুল ইসলাম, তোফাজ্জল হোসেন, নজরুল ইসলাম, হাকিম উদ্দিন, আবদুল মজিদ এবং কাজিয়ার চর গ্রামের রাজা মিয়া ও আলম মিয়া।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলা ও দুই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।