গাইবান্ধায় চার দিনব্যাপী পথনাট্য উৎসব অনুষ্ঠিত
গাইবান্ধা শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্বরে চার দিনব্যাপী আয়োজিত পথনাট্য উৎসব গতকাল সোমবার শেষ হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোট এই উৎসবের আয়োজন করে। গত শুক্রবার সন্ধ্যায় ‘গড়ে উঠুক নাট্য বসত, বিরান হৃদয় ভূমে’ স্লোগান সামনে রেখে এই পথনাট্য উৎসব শুরু হয়। গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির উৎসবের উদ্বোধন করেন।
নাট্যোৎসবে অংশ নেয় গাইবান্ধাসহ বিভিন্ন জেলার মোট ১০টি নাট্য সংগঠন। এর মধ্যে দারিয়াপুর সেলিম আল দীন নাট্যায়তনের ফাগুনের গান, রংপুর সারথি একাডেমির মায়ের ডাক, গোবিন্দগঞ্জ ভোর হলো ববনপুর শাখার তিন শিকারের কেচ্ছা, পলাশবাড়ীর স্বাধীন পলাশ নাট্য সংস্থার দিনকাল, গাইবান্ধা মানবাধিকার নাট্য পরিষদের ভূমি, ইনস্টিটিউট অব থিয়েটার অ্যান্ড এডুকেশনের (আইস) আমি দেশান্তরি হবো, দারিয়াপুর সারথি থিয়েটারের পাথর, রংপুর বিকন নাট্যকেন্দ্রের এবং পুরনো গল্প, বগুড়া কলেজ থিয়েটারের ইঁদারা, গাইবান্ধা বন্ধন থিয়েটারের জীবন্ত ইতিহাস মঞ্চস্থ হয়। এসব নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন জুলফিকার চঞ্চল, জান্নাতুল ফেরদৌস, শাহ আলম, মমতা রানী চাকী, আলম মিয়া, মোহাম্মদ আমিন, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, মান্নান হীরা, আনিসুল হক, নাজমুল আলম।
উৎসব বিষয়ে গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, জঙ্গিবাদের কারণে তৃণমূল পর্যায়ে নাট্যচর্চা প্রায় ঝিমিয়ে পড়েছে। উপরন্তু ভারতীয় সংস্কৃতির আগ্রাসন তো আছেই। এ অবস্থায় দেশীয় নাট্যচর্চার ধারাকে ধরে রাখতে এই উৎসবের আয়োজন করা হয়।