অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচারের পর গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আনন্দবাজার গ্রামের সেলিম মিয়া (২৩) চার মাস ধরে শয্যাশায়ী। ভুল অস্ত্রোপচারের কারণে তাঁর এ অবস্থা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার বিচার চেয়ে গত ২৩ আগস্ট সেলিমের বাবা আয়নাল মিয়া জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। অভিযোগপত্র ও সেলিমের পরিবার সূত্রে জানা গেছে, অ্যাপেন্ডিক্সের ব্যথা ওঠার পর গত ৭ মে সেলিমকে গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আয়নাল হকের ব্যক্তিগত চেম্বারে নিয়ে যাওয়া হয়। আয়নাল হক তাঁকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়ে অস্ত্রোপচারের পরামর্শ দেন। ওই ক্লিনিকে গত ১৩ মে তিনি সেলিমের অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর সেলিমের পেট ফুলে যায়। পরে চিকিৎসক আয়নাল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হানিফের সহায়তায় গত ২২ মে পুনরায় সেলিমের অস্ত্রোপচার করেন। এরপর সেলিম আরও অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসক হানিফ তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।দ্বিতীয় দফা অস্ত্রোপচারের কথা অস্বীকার করে চিকিৎসক হানিফ বলেন, দ্বিতীয় দফায় ময়লা-পুঁজসহ অস্ত্রোপচারের স্থান পরিষ্কার করে তাঁকে রংপুর মেডিকেলে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। দক্ষতা ও যত্নের সঙ্গে অস্ত্রোপচার না করলে সংক্রমণ হতে পারে। সেলিমের ক্ষেত্রে হয়তো তাই হয়েছে।এদিকে রংপুর মেডিকেলে ভর্তির পর গত ৩০ মে সেলিমের পায়ুপথে বাইপাস অস্ত্রোপচার করা হয়। সেখানে ২২ দিন চিকিৎসা দেওয়ার পর ২৩ জুন তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। তার পর থেকে সেলিম অসুস্থ অবস্থায় বাড়িতে শয্যাশায়ী।অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তের জন্য সিভিল সার্জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিভিল সার্জন আহাদ আলী বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি কোনো চিঠি পাননি। চিকিৎসক আয়নাল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অস্ত্রোপচার করতে গিয়ে এ ধরনের সমস্যা হতে পারে। তবে তাঁকে সতর্ক করে দেওয়া হবে। মুঠোফোনে যোগাযোগ করা হলে চিকিৎসক আয়নাল হক ভুল অস্ত্রোপচারের অভিযোগ অস্বীকার করেন। সেলিমের বাবা আয়নাল মিয়া বলেন, তাঁর একমাত্র উপার্জনক্ষম সন্তান সেলিম অসুস্থ হয়ে বিছানায় ধুঁকে ধুঁকে মরছেন। তাঁর চিকিৎসা করতে গিয়ে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন। তিনি এ ঘটনার বিচার চান।