গাইবান্ধায় চোরাচালানে সহায়তা করছে পুলিশ!
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-হিলি ও পলাশবাড়ি-ঘোড়াঘাট-হিলি সড়ক দিয়ে প্রকাশ্যে ভারতীয় মালামাল আসছে। বিশেষত ঈদ সামনে রেখে ভারতীয় মালামালে বাজার ভরে গেছে। এর মধ্যে শাড়ি, লুঙ্গি, থানকাপড়, থ্রি-পিস, প্রসাধনসামগ্রী, মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের মসলা, জিরা, আতশবাজির পটকা, সাইকেলের যন্ত্রাংশ ও রাসায়নিক সার পাচার হয়ে আসছে বেশি।অভিযোগ রয়েছে, পুলিশ মাসিক সাত লাখ টাকা চুক্তিতে রুট দুটি ইজারা দিয়েছে। ইজারার টাকা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিক নামধারী ব্যক্তিদের মধ্যে ভাগবাটোয়ারা হচ্ছে।দিনাজপুর বিডিআরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আকরামুজ্জামান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, হিলি চেকপোস্ট থেকে দক্ষিণে পাঁচ কিলোমিটার সীমান্ত দিয়ে মূল চোরাচালান হচ্ছে। একটা বড় সিন্ডিকেট এ চোরাচালান নিয়ন্ত্রণ করে। এ সিন্ডিকেটের মাধ্যমে ভারতীয় মালামাল বাংলাদেশে ঢুকছে। তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একা বিডিআরের পক্ষে চোরাচালান প্রতিরোধ সম্ভব নয়।গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. শাহাদাত হোসেন উল্লিখিত রুট দুটি দিয়ে ভারতীয় মালামাল পাচার হয়ে আসার কথা স্বীকার করে বলেন, চোরাচালান হয়ে আসা মালামাল ধরার জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তিনি দাবি করেন, মালামাল পাচারে পুলিশের বিশেষ টোকেন ব্যবহারের অভিযোগ সঠিক নয়। পুলিশ কর্তৃক রুট ইজারার অভিযোগ মিথ্যা। ইজারার টাকা পুলিশের মধ্যে ভাগবাটোয়ারার অভিযোগও ভিত্তিহীন। এসব অভিযোগের কোনো প্রমাণ নেই।অনুসন্ধানে জানা গেছে, ম. আ. র. নামের তিন ব্যক্তি গোবিন্দগঞ্জ-হিলি রুট পরিচালনা করছে। এরা সবাই ক্ষমতাসীন দলের সক্রিয় নেতাকর্মী। এই রুটের মাসিক ইজারা পাঁচ লাখ টাকা। এ ছাড়া পলাশবাড়ি-ঘোড়াঘাট-হিলি রুট পরিচালিত হচ্ছে ম. ম. নামের ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে। এই রুটের মাসিক ইজারা দুই লাখ টাকা।ভারতীয় মালামাল পরিবহনকারী ব্যক্তিরা ব্যবহার করছে বিশেষ টোকেন। এসব টোকেনে ময়না, টিয়া, শালিক, বাঘ, হরিণ, শাপলা প্রভৃতি প্রতীক ব্যবহার করা হয়। এসব টোকেন ব্যবহার করে টেম্পু, সাইকেল-ভ্যানযোগে চোরাচালানের মালামাল সীমান্ত থেকে আনা হয়। যারা টোকেন দেখাতে পারে না, কেবল তাদের মালামালসহ আটক করা হয়। দুই উপজেলার এক হাজারেরও বেশি লোক চোরাচালানির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। অনুসন্ধানে আরও জানা গেছে, ভারত থেকে চোরাপথে আনা এসব মালামাল গোবিন্দগঞ্জ পৌর এলাকার কাইয়াগঞ্জ, চাষকপাড়া, গুহাটিপাড়া ও গুমানিগঞ্জ এলাকায় নামানো হয়। এখান থেকে সেগুলো গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। দুই রুট ব্যবহার করে দৈনিক গড়ে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় মালামাল চোরাচালান হয়।এদিকে পলাশবাড়ি-হিলি-ঘোড়াঘাট সড়ক দিয়ে চোরাপথে আসা মালামাল পলাশবাড়ি উপজেলা শহরের কালিবাড়িহাট, উদয় সাগর, গাইবান্ধা ও রংপুর বাসস্ট্যান্ড এলাকায় নামানো হয়। এখান থেকে মাদকদ্রব্য বিশেষ করে ফেনসিডিল গাইবান্ধা শহর এবং পার্শ্ববর্তী এলাকায় পাঠানো হচ্ছে। এমনকি এ রুটে আনা মাদকদ্রব্য ফুলছড়ি উপজেলার বালাসি নৌঘাট হয়ে নৌপথে কুড়িগ্রামের রৌমারি, দেওয়ানগঞ্জ, জামালপুর হয়ে ময়মনসিংহ পর্যন্ত পাচার করা হচ্ছে।গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হোসেন বলেন, পুলিশের তত্ত্বাবধানে এসব রুটে অবাধে চোরাচালান চলছে। কিন্তু প্রতিবাদ করার কেউ নেই। তিনি বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা-কর্মী চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। সেটা আমার জানা নেই।’গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক আবদুল মতিন বলেন, এলাকার সর্বস্তরের মানুষ চোরাচালানের মালামাল আসা ও কোথায় নামানো হয় সবই জানে। কিন্তু চোরাকারবারিরা পুলিশের সহায়তায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এসব অপকর্ম চালায়। ফলে, কেউ প্রতিবাদ করার সাহস পায় না।অস্বীকার: গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মেদ টাকা ভাগবাটোয়ারা ও লোক দিয়ে রুট চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, চোরাপথে আসা ভারতীয় মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। এ ছাড়া এই রুটে চোরাচালান রোধে পুলিশ নিয়মিত টহল দিয়ে থাকে। পলাশবাড়ি থানার ওসি আহসান হাবিব বলেন, লোক দিয়ে রুট চালানো ও ইজারার টাকা ভাগবাটোয়ারার অভিযোগ ভিত্তিহীন। পুলিশ ওই রুটে নিয়মিত টহল দিয়ে থাকে। এ ছাড়া জেলা থেকে পুলিশ এসেও এখানে চোরাচালান রোধে অভিযান চালিয়ে থাকে।(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ সরকার)