গাইবান্ধায় জঙ্গিবাদবিরোধী সমাবেশ
গাইবান্ধার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে গতকাল সোমবার দুপুরে জঙ্গিবাদবিরোধী এক সমাবেশ করেছে গাইবান্ধা পৌর কমিউনিটি পুলিশিং ফোরাম। এতে সভাপতিত্ব করেন পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আবু জাফর।
সমাবেশে বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন, আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠের পরিচালক নুরুল আলম ও প্রধান শিক্ষক সুজা মিয়া, শিক্ষার্থী রিয়াদ হাসান, মাইশা খাতুন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। জঙ্গিবাদ, ইভ টিজিং, মাদক, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, এ জন্য অভিভাবক ও শিক্ষকদের সচেতনতার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়। পুলিশের পক্ষে এককভাবে এসব সামাজিক সমস্যার নিরসন করা সম্ভব নয়। তাই সামাজিক আন্দোলন করে তা প্রতিরোধ করতে হবে।