গাইবান্ধায় জনসংখ্যা দিবসের কর্মসূচিতে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলা সদরে গতকাল রোববার বিশ্ব জনসংখ্যা দিবসের শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের অতিথি না করায় এ হামলা হয়েছে। হামলার সঙ্গে দলীয় নেতা-কর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে গতকাল সকাল সাড়ে আটটায় শোভাযাত্রা এবং নয়টায় আলোচনা সভা হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের সভাপতি উপজেলা চেয়ারম্যান গোলাম শহীদ ও প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম অনুষ্ঠানস্থলে আসতে দেরীর কথা জানিয়ে আয়োজকদের শোভাযাত্রা শুরু করতে বলেন। দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কিছুদূর যাওয়ার পর আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা হামলা চালান। তাঁরা ফেস্টুন ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলেন। তাঁদের ধাওয়ায় শোভাযাত্রাটি পণ্ড হয়ে যায়। পরে দুপুর দুইটার দিকে হাসপাতাল মিলনায়তনে দায়সারাভাবে আলোচনা সভা হয়।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাইয়ুম অভিযোগ করেন, ‘স্থানীয় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের অতিথি না করায় দলীয় কর্মী ও সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে।’ তিনি জানান, সাংসদকে অতিথি থাকার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি ঢাকায় থাকায় অনুষ্ঠানে থাকতে পারেননি। তাই উপজেলা চেয়ারম্যানকে সভাপতি ও ইউএনওকে প্রধান অতিথি করা হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘তারিখ পিছিয়ে স্থানীয় সাংসদকে অতিথি করে অনুষ্ঠান করতে বলা হয়েছিল। কিন্তু তা না করে জাতীয় পার্টির উপজেলা চেয়ারম্যানকে অতিথি করায় এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এতে দলীয় নেতা-কর্মীরা জড়িত নন।’