গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের বাঁশকাটা এলাকা থেকে গতকাল সকালে নাজমুল হাসান নামের জামায়াতের এক নেতার লাশ উদ্ধার করা হয়। দলের ও পরিবারের সদস্যদের অভিযোগ, নাজমুলকে যৌথ বাহিনী ‘হত্যা’ করেছে।
এই ঘটনার প্রতিবাদে জেলা জামায়াত আজ রোববার গাইবান্ধা জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামায়াত নেতা-কর্মীরা লাশ উদ্ধার করে নাজমুলের গ্রামের বাড়ি নিয়ে যান। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সহযোগিতায় তাঁর গ্রামের বাড়ি থেকে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু হানিফ বলেন, নাজমুলের ডান পায়ে হাঁটুর নিচে গুলির ক্ষত ছিল। এ ছাড়া তাঁর মাথার ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে।
সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবু তালেব প্রথম আলোকে বলেন, নাজমুলের (২৮) বাড়ি উপজেলা শহরের গিরিধারিপুর এলাকায়। তিনি সদর ইউনিয়ন জামায়াতের দপ্তর সম্পাদক ছিলেন। ৭ জানুয়ারি উপজেলা শহরে যৌথ বাহিনীর সঙ্গে ১৮ দলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার সময় নাজমুল পায়ে গুলিবিদ্ধ হন। বিভিন্ন স্থানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে নাজমুলকে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখান থেকে গত বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর সদস্য পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। নামজুলের মা নাজমা বেগমের অভিযোগ, যৌথ বাহিনী তাঁর ছেলে হত্যার পর লাশ বাঁশকাটা এলাকায় ফেলে রাখে।
এ অভিযোগ অস্বীকার করে রংপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৩) পক্ষ থেকে প্রথম আলোকে বলা হয়েছে, এই নামের কাউকে আটক করা হয়নি।
পলাশবাড়ী থানার ওসি আহসান হাবীব জানান, ক্লিনিক থেকে আটকের বিষয়টি তাঁর জানা নেই।
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের মন্দির, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাইয়ে কালো পতাকা মিছিল ও মানববন্ধন হয়েছে।
গতকাল শনিবার উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা সদরে কালো পতাকা মিছিল শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়। উত্তম শর্মার সভাপতিত্বে ও সুভাষ সরকারের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুদর্শন রায়, অনির্বাণ চৌধুরী, পরিমল কর্মকার, নিরোদবরণ মণ্ডল, মিরসরাই বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুল আফছার।
বক্তারা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি তাঁরা আহ্বান জানান।