গাইবান্ধায় ট্রাকচাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তাজপুর এলাকায় আজ বুধবার ট্রাকচাপায় আশিক মিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে শিশুটির বাবা মোকছেদ আলী।

শিশুটির বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে মোকছেদ আলী ছেলে আশিকের চুল কাটিয়ে উপজেলার বালুয়াবাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি তাজপুর এলাকায় পৌঁছালে বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু আশিকের মৃত্যু হয়। আহত মোকছেদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।