গাইবান্ধায় ডাক কর্মচারীদের অনশন
চাকরি জাতীয়করণসহ তিন দফা দাবিতে গাইবান্ধা শহরের শহীদ মিনার চত্বরে গতকাল বুধবার প্রতীকী অনশন করেছে বাংলাদেশ অবিভাগীয় ডাক কর্মচারী সংগ্রাম পরিষদের জেলা শাখা।
কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সম্পাদক মিহির ঘোষ, কর্মচারী সংগ্রাম পরিষদ জেলা শাখার সভাপতি মনজুরুল আলম, সম্পাদক সুকুমার চন্দ্র প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জেলার ১১২টি শাখা ডাকঘরের ৩৩৬ জন কর্মচারী ন্যূনতম বেতন-ভাতাও পাচ্ছেন না। প্রতিটি শাখা ডাকঘরে তিনজন কাজ করেন। এর মধ্যে পোস্ট মাস্টার এক হাজার ২৫০ টাকা, পিয়ন এক হাজার ২৩০ টাকা এবং রানার এক হাজার ১৯০ টাকা মাসিক ভাতা পান।
তাই চাকরি জাতীয়করণ, ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ ও ডাকব্যবস্থার আধুনিকায়নসহ তিন দফা দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়। তবে অবিলম্বে দাবি বাস্তবায়িত না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সদর উপজেলার দারিয়াপুর শাখা ডাকঘরের পোস্ট মাস্টার মকবুল হোসেন বলেন, ‘আমরা নামমাত্র ডাক বিভাগে চাকরি করি। কিন্তু সারা দিন পরিশ্রম করে দিনমজুরের চেয়েও কম টাকা পাই। প্রতিবছর ডাক দিবস পালিত হয় অথচ আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না।’
গাইবান্ধা প্রধান ডাকঘর সূত্র জানায়, সাত উপজেলায় ১২৪টি ডাকঘর রয়েছে। এর মধ্যে প্রধান ডাকঘর একটি, উপজেলা পর্যায়ে ডাকঘর ছয়টি, সাব-ডাকঘর পাঁচটি ও শাখা ডাকঘর ১১২টি। এসব ডাকঘরে ৪৭১ জন লোকবল রয়েছেন। এর মধ্যে প্রধান ডাকঘরে ৬০ জন, সাব-ডাকঘরে ১৫ জন, উপজেলা ডাকঘরে ৩০ জন ও শাখা ডাকঘরে ৩৩৬ জন।