গাইবান্ধায় ডায়রিয়ায় ৩২ ঘণ্টায় আরও ১২৮ জন আক্রান্ত
গাইবান্ধায় ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত রোববার সকাল আটটা থেকে গতকাল সোমবার বিকেল চারটা পর্যন্ত ৩২ ঘণ্টায় আরও ১২৮ জন এ রোগে আক্রান্ত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে শিশু, নারীসহ ৬১৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হলো।
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস এম শাহিন বলেন, ১০ সেপ্টেম্বর ভোর থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়। গত পাঁচ দিনে মোট ৬১৮ জন ভর্তি হয়। এর মধ্যে ৫৫৯ জন চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছে। গতকাল বিকেল চারটা পর্যন্ত ৫৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
এদিকে ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা (আইডিসিআর) ইনস্টিটিউটের অনুসন্ধানী দলের কর্মকর্তারা গাইবান্ধায় লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার কারণ পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষে গতকাল ঢাকায় ফিরে গেছেন। জেলার সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী বলেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় নিরাপদ পানি পান না করায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে জানিয়েছে মহাখালীর অনুসন্ধানী দল। দলটি আক্রান্ত রোগীর বাড়ির পানি ও মল সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সরেজমিনে গতকাল বিকেলে গাইবান্ধা সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ওয়ার্ডের বারান্দা ছাড়াও হাসপাতালের আঙিনায় খোলা আকাশের নিচে দুটি তাঁবু টানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হয়।
তাঁবুতে চিকিৎসাধীন গাইবান্ধা শহরের কলেজপাড়ার চিন্ময় সরকার (২৫) বলেন, ‘পৌরসভার সরবরাহ করা পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছি। আজ (গতকাল) সকালে হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে চিকিৎসাসেবা ভালো পাচ্ছি। কিন্তু রোগীর ভিড় কমছে না।’ সদর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের আজিজুল হক বলেন, ‘বাড়িতে অগভীর নলকূপের পানি ব্যবহার করি। সোমবার সকালে আমার মেয়ে সৃষ্টিকে (৪) হাসপাতালে ভর্তি করেছি। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে স্যালাইন দেওয়া হয়েছে। কোনো সমস্যা হচ্ছে না।’
গাইবান্ধা যুব নাগরিক ফোরামের আহ্বায়ক আনোয়ারুল কবির বলেন, প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গ্রামাঞ্চলে স্বাস্থ্য-সচেতনতামূলক প্রচারণা না থাকায় এ অবস্থা হয়েছে। এ বিষয়ে সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী বলেন, এ অভিযোগ সঠিক নয়। গ্রামে মাইকিং করে পানি ফুটিয়ে পান করার পরামর্শসহ স্বাস্থ্য-সচেতনতামূলক বার্তা জানিয়ে দেওয়া হচ্ছে। পৌরসভার উদ্যোগে ডায়রিয়ার কারণ চিহ্নিত ও পরিস্থিতি মোকাবিলায় আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ বছরের বন্যায় গাইবান্ধার সাতটি উপজেলার মোট ৮২টি ইউনিয়নের মধ্যে ৬৬টি প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে প্রায় ৪ লাখ ৪৭০ মানুষ। গত বৃহস্পতিবার থেকে গাইবান্ধা সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত বিপুলসংখ্যক রোগী ভর্তি হতে শুরু করে।