গাইবান্ধায় তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের রমজান আলী হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। গতকাল সোমবার দুপুরে আদালতের বিচারক শরিফুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের ফেরদৌস সরকার (৩৭), হেলাল মিয়া (৩২) ও লাভলু মিয়া (৩৫)।
মামলার বিবরণে বলা হয়, ২০০৫ সালের ১৩ মার্চ সকালে মথরপাড়া গ্রামের রমজান আলী ও তাঁর ছেলে আবদুর রহিম একসঙ্গে বোনারপাড়া বাজারে যাচ্ছিলেন। এ সময় পূর্বশক্রতার জের ধরে তাঁদের পথ রোধ করে মারধর করেন একই গ্রামের ফেরদৌস, হেলাল, লাভলু এবং তাঁদের পক্ষের লোকজন। এতে রমজান আলী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আবদুর রহিম বাদী হয়ে সাঘাটা থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ২০০৫ সালের ৫ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কথা নিশ্চিত করেছেন।