গাইবান্ধায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় নদীর তীর সংরক্ষণকাজে দরপত্রে ঘাপলার অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদারেরা ১০ কোটি ১৪ লাখ টাকার দর দাখিল করলেও কার্যাদেশ দেওয়া হয় ১০ কোটি ৮৪ লাখ টাকার। অতিরিক্ত ৭০ লাখ টাকা পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারেরা ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।গাইবান্ধা পাউবো সূত্রে জানা যায়, ২০১১-১২ অর্থবছরে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় কাটাখালি নদীর ভাঙন থেকে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন রক্ষা প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় জিও ব্যাগসহ চার লাখ ৩২ হাজার সিসি ব্লক তৈরি করে তা দিয়ে স্থায়ীভাবে নদীর তীর সংরক্ষণ করার কথা। ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর প্রকল্পের কাজ চারটি ভাগে ভাগ করে দরপত্র আহ্বান করা হয়। কার্যাদেশ দেওয়া হয় চলতি বছরের ৮ জানুয়ারি।গত ৩০ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু কাজ হয়েছে মাত্র ৫০ ভাগ এবং প্রায় চার কোটি টাকা বিল দেওয়া হয়েছে। বাকি টাকা ফেরত গেছে। অবশ্য গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আশাফুদদৌলার টাকা ফেরত যাওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘এই তহবিলের টাকা ফেরত যাওয়ার সুযোগ নেই। নতুন করে কাজের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।’ বেশি দরে কার্যাদেশ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি গোপনীয় তথ্য দেওয়া যাবে না মর্মে মৌখিকভাবে জানান।পরে তথ্য কমিশনের নির্দেশে ২৪ জুলাই ওই প্রকল্পের তথ্যের দরপত্র উন্মুক্তকরণ তালিকা, দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশপত্র ও কার্যাদেশের অনুলিপি মেলে। কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, কার্যাদেশ পাওয়া ঠিকাদারেরা চারটি ভাগে ১০ কোটি ১৪ লাখ টাকার দর দাখিল করেন। অথচ তাঁদের ১০ কোটি ৮৪ লাখ টাকা কার্যাদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ নম্বর প্যাকেজে রংপুরের ঠিকাদার আইয়ুব হোসেনের দুই কোটি ৫৬ লাখ টাকার দাখিল করা দরের বিপরীতে তাঁকে কার্যাদেশ দেওয়া হয়েছে দুই কোটি ৮৪ লাখ টাকার। ২ নম্বর প্যাকেজে জেভিএএ এইচআর অ্যান্ড কেজেডের দুই কোটি ৬০ লাখ টাকা দরের বিপরীতে কার্যাদেশ দেওয়া হয় দুই কোটি ৭০ লাখ টাকার। ৩ নম্বর প্যাকেজে এসই-এআরসি (জেভি) দর দাখিল করে এক কোটি ৬৩ লাখ টাকার। কার্যাদেশ দেওয়া হয় এক কোটি ৭৩ লাখ টাকার। ৪ নম্বর প্যাকেজে মশিউর রহমান চৌধুরী দর দাখিল করেন তিন কোটি ৩২ লাখ টাকার। তাঁকে কার্যাদেশ দেওয়া হয় ৩ কোটি ৫৫ লাখ টাকার।দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য ও সদ্য বদলি হওয়া গাইবান্ধা এলজিইডির সহকারী প্রকৌশলী কান্তেশ্বর বর্মণ বলেন, ‘দরপত্র মূল্যায়ন কমিটির সভায় ঠিকাদারদের দরপত্র যাচাই-বাছাই করার পর কার্যাদেশ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করার কথা। কিন্তু গাইবান্ধা পাউবোর কর্মকর্তারা কোনো সভা না করেই কাগজপত্র তৈরি করে এনে আমার কাছে স্বাক্ষর নিয়েছেন। আমাকে যাচাইয়ের সুযোগ দেওয়া হয়নি। ঠিকাদারের দাখিল করা দরের চেয়ে অতিরিক্ত দরে কার্যাদেশ দেওয়ার কোনো নিয়ম নেই।’ টাকা ভাগবাঁটোয়ারার অভিযোগ অস্বীকার করে গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা বলেন, দরপত্র উন্মুক্তকরণ তালিকায় ঠিকাদারদের দাখিল করা দর যোগফলে ভুল ছিল। তাই দরপত্র মূল্যায়ন কমিটি যাচাই-বাছাই করার পর টাকার পরিমাণ বেড়ে গেছে। দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব ও তৎকালীন গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী (বর্তমানে রংপুরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত) মো. আবদুস শহীদ মুঠোফোনে প্রথম আলোর কাছে একই মন্তব্য করেন। কিন্তু ২০১১ সালের ৫ ডিসেম্বর স্বাক্ষরিত দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশপত্র পর্যালোচনা করে দেখা গেছে, কোথাও ঠিকাদারদের দাখিল করা দরে যোগফলে ভুল হওয়ার কথা উল্লেখ নেই। পাউবো রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিউল আজম বলেন, দাখিল করা দরের চেয়ে অতিরিক্ত দরে কার্যাদেশ দেওয়ার নিয়ম নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে।