গাইবান্ধায় দরপত্রে ঘাপলার অভিযোগ
গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক নির্মাণকাজে প্রকৌশলী ও ঠিকাদারেরা সিন্ডিকেট করে দরপত্রে ঘাপলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ১৫ জন ঠিকাদার স্বাক্ষরিত একটি অভিযোগপত্র বৃহস্পতিবার ঢাকায় প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী বরাবরে পাঠানো হয়েছে।গাইবান্ধার কাজবঞ্চিত ঠিকাদার শোহেব হোসেন বলেন, এই দরপত্র বাতিল করে আবার দরপত্র আহ্বান করা হলে প্রতিযোগিতা বাড়বে এবং সরকারের প্রায় দেড় কোটি টাকা সাশ্রয় হবে।এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারি সিরিপ (এসআরআইআইপি) প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় ১৩ কিলোমিটার সড়ক পাকা করার জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে ব্যয় ধরা হয় ৯ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে গাইবান্ধা সদরে তিন কিলোমিটারের জন্য এক কোটি ৬৭ লাখ, সাঘাটায় তিন কিলোমিটারের জন্য তিন কোটি ৩৬ লাখ ও গোবিন্দগঞ্জে সাত কিলোমিটারের জন্য চার কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ করা হয়। তিনটি গ্রুপে ৮০টি দরপত্র বিক্রি হলেও শেষ দিন ১২ ফেব্রুয়ারি প্রতিটি গ্রুপে তিনটি করে মোট নয়টি দরপত্র জমা পড়ে।অভিযোগকারী ও কাজবঞ্চিত গাইবান্ধার ঠিকাদার নওশা আলম বলেন, বেশি দরে কাজ বাগিয়ে নেওয়ার জন্য প্রকৌশলী ও কয়েকজন ঠিকাদার সন্ত্রাসী বাহিনী দিয়ে সাধারণ ঠিকাদারদের দরপত্র জমাদানে বাধা দেন। ফলে অধিকাংশ ঠিকাদার দরপত্র দাখিল করতে পারেননি। ৮০টি দরপত্র বিক্রি হলেও পরিকল্পিতভাবে প্রতিটি গ্রুপে তিনটি করে মোট নয়টি দরপত্র দাখিল করা হয়। এ সুযোগে সিন্ডিকেটভুক্ত ঠিকাদাররা শতকরা নয় ভাগ বেশি দরে দরপত্র দাখিল করেন। এই দরে কার্যাদেশ দেওয়া হলে সরকারের প্রায় ৮২ লাখ ৮০ হাজার টাকা গচ্ছা যাবে। এই টাকা প্রকৌশলী ও ঠিকাদারদের সিন্ডিকেটের মধ্যে ভাগাভাগি হবে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, দরপত্রের শর্ত অনুযায়ী চার কোটি ৩৬ লাখ টাকার কাজ পাওয়ার জন্য তিন কোটি ৩৬ লাখ টাকার কাজ করার অভিজ্ঞতা সনদ দরকার। কিন্তু গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক পাকা করার কাজের জন্য যেসব ঠিকাদার দরপত্র দাখিল করেন, তাঁদের এই অভিজ্ঞতা নেই। তার পরও তাঁদের কার্যাদেশ দেওয়ার পাঁয়তারা চলছে।গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন ঠিকাদারদের সঙ্গে সিন্ডিকেট করে টাকা ভাগাভাগির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, দরপত্র দাখিলের সময় বাধা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। মূলত ঠিকাদারদের মধ্যে সমঝোতা না হওয়ায় তাঁরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন।