গাইবান্ধায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে স্বতন্ত্র ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষে আবদুল খালেক (৫০) নামের এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ি খামারপাড়া গ্রামে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাপমারা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন তাঁর সমর্থক আবদুল খালেকসহ অন্যদের নিয়ে মাদারপুর গ্রামে যান। নির্বাচনী গণসংযোগ করার সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাকিল আকন্দের সমর্থকেরা তোফাজ্জল হোসেনের ওপর হামলা চালিয়ে তাঁকে মারপিট করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষে তোফাজ্জলসহ চারজন আহত হন। এ সময় খালেক প্রাণরক্ষায় দৌড়ে পালিয়ে যান। পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর খামারপাড়া গ্রামের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে নৌকা প্রতীকসহ আসবাব ভাঙচুর করেন।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন খালেকের লাশ খামারপাড়া গ্রামের একটি জমিতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহত ব্যক্তির স্ত্রী মহেলা বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে তিনি মারা গেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেনের দাবি, ‘আমি নির্বাচনী প্রচারণায় গেলে স্বতন্ত্র প্রার্থী শাকিল আকন্দের সমর্থকেরা আমার ও নৌকার সমর্থকদের ওপর হামলা চালায়।’ তিনি দাবি করেন, নিহত খালেক নৌকার সমর্থক। ওই হামলার ঘটনায় তিনি মারা যান।
তবে স্বতন্ত্র প্রার্থী শাকিল আকন্দের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।