গাইবান্ধায় দুই বাংলার কবিতা উৎসব
গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল শুক্রবার দুই বাংলার কবিতা উৎসব হয়েছে। উৎসবে ভারতের কলকাতার ও গাইবান্ধা, রংপুর, ঢাকার শতাধিক কবি ও সংস্কৃতিকর্মী অংশ নেন।
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ গাইবান্ধা জেলা শাখা এ উৎসবের আয়োজন করে। এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
ওই উৎসবে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি কবি পিটু রশিদ সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কলকাতার কবি অরুপ কান্তি পান্ডে, ভারতী বন্দ্যোপাধ্যায়, সেলিনা রশিদ, গাইবান্ধার লেখক মশিয়ার রহমান খান, মাজহারউল মান্নান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, নাট্যকর্মী শাহনাজ আমিন, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আকতার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কবি অরুপ কান্তি বলেন, ‘ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে দুই বাংলার কবি, লেখক ও সংস্কৃতিকর্মীদের সম্পর্ক চিরদিনের। তাই এপার বাংলার কবিদের আমন্ত্রণে আমরা ওপার বাংলা থেকে ছুটে এসেছি।’
কবিতা পাঠে অংশ নেন গাইবান্ধার কবি অমিতাভ দাশ, দেবাশীষ দাশ, অঞ্জলী রানী দেবী, শাহ আলম, মোহাম্মদ আমিন, মাহমুদা বিথী, আবদুল করিম, সাধন চন্দ্র বর্মণ, মমিন আকন্দ, নুরে কাওছার, মোহাম্মদ আমিনুল, এম এ রোকন প্রমুখ।