গাইবান্ধায় ধর্মঘট প্রত্যাহার
গাইবান্ধার সব রুটে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার দিনভর পরিবহন ধর্মঘট পালিত হওয়ার পর রাতে তা প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসকের হস্তক্ষেপে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।
জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আজ রাত সাড়ে আটটায় মুঠোফোনে জানান, শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের কারণে আজ রাত আটটায় জেলা প্রশাসক মো. আবদুস সামাদের মধ্যস্থতায় ১৭ ডিসেম্বর ভোর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়।
এর আগে এ ঘটনার প্রতিবাদে শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডাকা হলেও বুধবার দুপুরে তা স্থগিত করে গাইবান্ধা শিল্প ও বণিক সমিতি। জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমানকে মারধর ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছিল।
মঙ্গলবার সকালে গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির বার্ষিক সাধারণ সভায় বর্তমান বণিক সমিতির সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির ও সাবেক সভাপতি আবুল খায়েরের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী পিয়ারুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।