গাইবান্ধায় নষ্ট নলকূপ চালু করার দাবি
গাইবান্ধার সাতটি উপজেলায় ২২টি গভীর নলকূপ ৩২ বছর ধরে অকেজো হয়ে আছে। আসন্ন বোরো মৌসুমে এসব নলকূপ চালু হবে কি না সেটিও অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে কৃষকেরা প্রায় দেড় হাজার একর জমিতে স্বল্পমূল্যে পানি সেচের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গাফিলতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাইবান্ধা বিএমডিএ কার্যালয় সূত্র জানায়, ১৯৭৫ সালের দিকে জেলার সাত উপজেলায় ২৬০টি গভীর নলকূপ স্থাপন করা হয়। এর মধ্যে ২৩৮টি নলকূপ চালু রয়েছে। অবশিষ্ট ২২টি ১৯৮০ সালে বন্ধ হয়ে যায়। আগে এসব নলকূপ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে পরিচালিত হতো। ২০০৫ সাল থেকে বিএমডিএর আওতায় পরিচালিত হচ্ছে। কৃষকদের সঙ্গে তিন বছরের চুক্তির মাধ্যমে এসব নলকূপ দিয়ে পানি সেচ দেওয়া হচ্ছে। প্রতিটি নলকূপ থেকে প্রায় ৬৭ একর জমিতে পানি সেচ দেওয়া সম্ভব। একটি নলকূপ পরিচালনার জন্য কৃষকদের মধ্য থেকে একজন ব্যবস্থাপক মনোনয়ন দেওয়া হয়। পরিচালকের তদারকিতে প্রতি একর জমিতে পানি সেচ বাবদ খরচ নেওয়া হচ্ছে এক হাজার ৮০০ টাকা। অথচ বর্তমানে প্রতি একর জমিতে অগভীর নলকূপ থেকে পানি সেচ দিতে তিন হাজার ৬০০ টাকা লাগছে।গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ গ্রামের কৃষক আবদুল জব্বার জানান, আগে তাঁদের গ্রামে সরকারি গভীর নলকূপ ছিল। এক একরে সেচ দিতে খরচ হতো ১৫০ টাকা। সেটি বন্ধ থাকায় এখন অগভীর নলকূপ থেকে সেচ দিতে অনেক বেশি টাকা লাগে, তাও সময়মতো পানি পাওয়া যায় না। একই গ্রামের আদর্শ কৃষক আবদুর রহমান জানান, তাঁদের গ্রামের গভীর নলকূপটি বন্ধ থাকলেও পাশের গ্রামে বিএমডিএর গভীর নলকূপটি চালু আছে। সেখানে প্রতি একর জমিতে পানি সেচ বাবদ এক হাজার ৮০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। অথচ অগভীর নলকূপে এক একরে ভাড়া নেওয়া হচ্ছে তিন হাজার ৬০০ টাকা। তারপরও সময়মতো প্রয়োজনীয় পানি পাওয়া যায় না। এ ক্ষেত্রে গভীর নলকূপগুলো চালু করলে পানি সেচের খরচ অনেকটা সাশ্রয় হবে। গাইবান্ধা বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মো. নূর ইসলাম বলেন, বন্ধ থাকা ২২টি নলকূপের মধ্যে ১০টি চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগের জন্য গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর আবেদন করা হয়েছে। সংযোগ পাওয়া গেলে আসন্ন বোরো মৌসুমে এগুলো চালু করা সম্ভব হবে।