গাইবান্ধায় নৌকাডুবির পরদিন দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি এলাকায় গতকাল সোমবার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে আজ মঙ্গলবার নারীসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।


উদ্ধার হওয়া দুজন হলেন গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি সরকারপাড়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৩০) এবং কামারজানি ইউনিয়নের নুনগোলা গ্রামের আইতুল্যা মিয়া (৪৫)। আজ বেলা তিনটার দিকে কামারজানি বাজারের অদূরে বাগুরিয়া এলাকা থেকে আইতুল্যা মিয়া এবং ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট থেকে তাসলিমার লাশ উদ্ধার করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গতকাল দুপুরে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারের কাছে ব্রহ্মপুত্র নদে পাটবোঝাই একটি নৌকা ডুবে যায়। এতে এক নারীসহ তিন যাত্রী নিখোঁজ হন। তাঁদের মধ্যে দুজনের লাশ উদ্ধার হলেও সোহরাব হোসেন (৫০) নামের একজনের খোঁজ এখন পর্যন্ত মেলেনি।