গাইবান্ধায় নৌবাহিনীর সাবেক সদস্যকে হত্যা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রোয়ালিয়া গ্রামে সোমবার রাতে রুহুল আমিন (৪৫) নামের নৌবাহিনীর সাবেক এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হচ্ছেন—একই গ্রামের টিপু মিয়া (৪৫), নাদু শেখ (৪০) ও টুকু সরকার (৪৮)। গতকালই তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস বলেন, দীর্ঘদিন ধরে রুহুল আমিনের সঙ্গে একই গ্রামের টিপু মিয়ার জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে ওই দিন রাত ১২টার দিকে টিপু মিয়া তাঁর লোকজন নিয়ে রুহল আমিনের বাড়িতে হামলা চালান এবং লুটপাট করতে থাকেন। এ সময় রুহুল আমিন এগিয়ে এলে তাঁকে পেটাতে থাকেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা সটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ নিয়ে নিহতের স্ত্রী রওশন বেবি গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।