গাইবান্ধায় পরিবহন ধর্মঘট রাতে স্থগিত, দিনভর দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সব রুটে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট গতকাল রাতে স্থগিত করা হয়েছে। এর আগে পরিবহন ধর্মঘটের কারণে গতকাল দিনভর গাইবান্ধার সাতটি উপজেলা এবং ঢাকা, রংপুর, বগুড়াসহ অন্যান্য জেলায় বাস-ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস চলাচল বন্ধ থাকে। এমনকি জেলা শহরে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা-ভ্যান চলাচল করতে দেওয়া হয়নি। ফলে যাত্রীরা দুর্ভোগের শিকার হন।
গাইবান্ধার যানবাহন গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠানোর প্রতিবাদে গত রোববার জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়। পরে পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীরের মধ্যস্থতায় গতকাল রাত সাড়ে নয়টার দিকে ওই পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়।
পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর গতকাল রাত ১০টায় মুঠোফোনে ধর্মঘট স্থগিতের সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে যাত্রীদের দুর্ভোগের চিত্র। বিশেষত গাইবান্ধা-নাকাইহাট সড়কের সরকারি কলেজের সামনে, তিনগাছেরতল, বালুয়া, গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের এক নম্বর রেলগেট, কেন্দ্রীয় বাস টার্মিনাল, শাপলা মিলস, তিন মাইল, তুলশীঘাট, ঢোলভাঙ্গা, গাইবান্ধা-দাড়িয়াপুর সড়কের নতুন ব্রিজ, কদমেরতল এলাকায় সড়কের ওপর অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করা হয়। ফলে যাত্রীদের ৫ থেকে ১০ কিলোমিটার পথ হেঁটে জেলা শহরে ঢুকতে হয়।
দুর্ভোগের শিকার গাইবান্ধা শহরের পূর্বপাড়ার ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, ‘গতকাল দুপুরে বগুড়া থেকে গাইবান্ধা শহরে ফিরছিলাম। কোনো যানবাহন না থাকায় ১০ কিলোমিটার পথ হেঁটে বাসায় আসতে হয়েছে।’ একই এলাকার চাকরিজীবী ইসমাইল হোসেন বলেন, ‘বাস নেই, অটোরিকশা ও রিকশা-ভ্যান চলছে না। তাই বাধ্য হয়ে পরিবারের লোকজন নিয়ে শহরমুখে হাঁটছি।’
গাইবান্ধা জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মকবুল হোসেন বলেন, গোবিন্দগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির লোকজন গত শুক্রবার থেকে গাইবান্ধার যানবাহন গোবিন্দগঞ্জ থেকে জেলা শহরে ফেরত পাঠানো শুরু করে। তাই এই ধর্মঘট ডাকা হয়।
গোবিন্দগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতি গোবিন্দগঞ্জের যানবাহন গাইবান্ধার সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর রুটে চলাচল বন্ধ করে দেয়। বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। তাই গাইবান্ধার যানবাহন গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠাচ্ছি।’
গত সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা সদরে অবস্থিত জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় গাইবান্ধা শহরের ডিবি রোডের ওই ইউনিয়নের জেলা কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মকবুল হোসেন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি রোস্তম আলী, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল করিম প্রমুখ।