গাইবান্ধায় পরিবহন ধর্মঘটের ঘোষণা
আগামীকাল মঙ্গলবার সকাল থেকে গাইবান্ধার সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।
সংবাদ সম্মেলনে জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মকবুল হোসেন লিখিত বক্তব্যে বলেন, জেলা শহর থেকে বগুড়া, রাজশাহী ও ঢাকাগামী যানবাহন গোবিন্দগঞ্জ উপজেলা শহরের ভেতর দিয়ে চলাচল করে। গত শুক্রবার থেকে গোবিন্দগঞ্জের কতিপয় পরিবহনমালিক ও শ্রমিক গাইবান্ধার যানবাহন গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠাচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল রায়, সদস্য জিল্লুর রহমান, রোস্তম আলী, নাজিবুল হক, মোক্তাদুর রহমান, আবুল হোসেন, আবদুল করিম, আবদুর রশিদ সর্দার, গৌতম কুমার, রফিকুল ইসলাম, আরিফ মিয়া, আবুল কালাম আজাদ, অসীম সাহা, ময়নুল হক প্রমুখ।
এসব বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জের জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘আগে গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতি আমাদের যানবাহন সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর রুটে চলাচল বন্ধ করে। বিষয়টি প্রশাসনকেও জানানো হয়। এর সমাধান না হওয়ায় আমরাও গাইবান্ধার যানবাহন গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠাচ্ছি।’