গাইবান্ধায় পাউবো কার্যালয়ে হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ে হামলার ঘটনায় অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধা পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম ওই মামলা করেন।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলার বাদী আবুল কালাম জানান, কার্যালয়ের জানালা-দরজা ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া কাগজপত্র তছনছ করায় অনেক মূল্যবান নথি পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, সাঘাটা উপজেলায় যমুনা নদীর ভাঙনরোধে পাউবো কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির ও গাফিলতির প্রতিবাদে গত বৃহস্পতিবার সর্বদলীয় নাগরিক কমিটি স্মারকলিপি দিতে যায়। এ সময় পাউবোর নির্বাহী প্রকৌশলী বা অন্য কোনো কর্মকর্তা না থাকায় তারা উত্তেজিত হয়ে গাইবান্ধা পাউবো কার্যালয়ে হামলা চালায়।