গাইবান্ধায় পানিবন্দীদের ভোগান্তি, ত্রাণ অপ্রতুল
চারদিকে পানি আর পানি। আশপাশে তাকালে কেবল দেখা মেলে ডুবন্ত ঘরবাড়ির। মাঝেমধ্যে দেখা মেলে আসবাবে ভর্তি নৌকা। নৌকাগুলো নিরাপদ গন্তব্যে ছুটছে। গতকাল শনিবার সকালে গাইবান্ধার কয়েকটি বন্যাকবলিত ইউনিয়ন ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে।
সকাল আটটায় গাইবান্ধা শহর থেকে নৌকাযোগে যাত্রা। ইঞ্জিনচালিত নৌকায় দুই ঘণ্টার পথ। তারপর চন্দনস্বর গ্রাম। ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নের চন্দনস্বর উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টায় পৌঁছে দেখা গেল, এখানে আশ্রয় নিয়েছেন দুই শতাধিক বানভাসি মানুষ। ১০ দিন ধরে তাঁরা খোলা আকাশের নিচে আছেন।
চন্দনস্বর গ্রামের শিক্ষক আমিনুল ইসলাম বলেন, গোটা ফজলুপুর ইউনিয়নটি প্লাবিত হলেও পানিবন্দী মানুষকে উদ্ধারের ব্যবস্থা নেই। চন্দনস্বর গ্রামের কৃষক রফিক মিয়া (৫২) বলেন, ‘বানের পানিত হামারঘরে ঘরবাড়ি ডুবি গ্যাচে। ঘরের মদ্দে কোমরপানি। কয়দিন থাকি ইসকুল (চন্দনস্বর উচ্চবিদ্যালয়) মাটোত থাকপ্যার নাগচি। কিনতো ইলিপ (রিলিফ) পাই নাই।’
ফজলুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, বন্যাকবলিত এলাকায় এখন পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি। ত্রাণ চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া গ্রামে গিয়ে দেখা গেল ভয়াবহ চিত্র। গত শুক্রবার রাতে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে সিংড়িয়াসহ অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় সিংড়িয়া গ্রামের জোসনা বেগমের (৫০) চারটি ঘর। জোসনা বেগম আহাজারি করে বলেন, ‘মুহূর্তের মদ্দে হামারঘরে চারটে ঘর পানিত ডুবি গেচে। কোনো জিনিস সরব্যার পাই নাই। একন হামরা কোনটে থাকমো।’
বেলা একটার দিকে সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নে গিয়েও একই চিত্র চোখে পড়ে। কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের কৃষক আমিরুল মিয়া (৪৫) বলেন, ‘ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত হওয়ায় বছরের প্রায় অর্ধেক সময় এসব এলাকায় পানি থাকে। বন্যার সময় আরও ভয়াবহ অবস্থা দেখা দেয়। বিশেষ করে দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনের সংকট দেখা দিয়েছে। মানুষ কলার ভেলায় প্রাকৃতিক কাজ সেরে নিচ্ছেন।’
মোল্লারচর ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘ইউনিয়নের অনেক এলাকায় এখনো সরকারি ত্রাণ সহায়তা পৌঁছেনি। বেসরকারি উদ্যোগেও কেউ ত্রাণ সহায়তা নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ায়নি।’ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এ পর্যন্ত বন্যাকবলিত এলাকায় ২৪ লাখ টাকা, ৭৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আরও ৫০০ মেট্রিক টন চাল ও ১৫ লাখ টাকা বরাদ্দ চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।