গাইবান্ধায় পুকুর ভরাটের পরিকল্পনা, ‘জনগণের না’
পরিবেশ আইন অমান্য করে গাইবান্ধা পৌর পার্কের ঐতিহ্যবাহী পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শহরবাসীর অভিযোগ, পুকুর ভরাট করলে পার্কের সৌন্দর্য নষ্ট হবে, হারিয়ে যাবে পরিবেশের ভারসাম্য। এটা পৌর মেয়রের মার্কেট নির্মাণের সুদূরপ্রসারী পরিকল্পনা। তবে পৌর মেয়র বলছেন, মার্কেট নির্মাণের পরিকল্পনা ভিত্তিহীন। পৌর শহীদ মিনারের মঞ্চের জায়গা বৃদ্ধির জন্য সামান্য অংশ ভরাটের সিদ্ধান্ত হয়েছে।জানা গেছে, ১৯২৪ সালে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ৬৪ শতক আয়তনের এই পুকুরসহ মোট ২ দশমিক ৬৩ একর জমি তৎকালীন গাইবান্ধা পৌরসভাকে দান করেন রংপুরের তাজহাটের জমিদার প্রয়াত গোবিন্দলাল। সে সময় পার্কটির নাম দেওয়া হয় ‘হেয়ার গোবিন্দলাল পার্ক’। কালের বিবর্তনে এটির নাম পরিবর্তন করে পৌর পার্ক রাখা হয়। গাইবান্ধা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক জিয়াউল হক বলেন, জলাধার চিহ্নিত জায়গা ও পুকুর ভরাট বা তার শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ভরাট করতে গেলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন দরকার। কিন্তু পৌর মেয়র তা উপেক্ষা করে পুকুর ভরাটের সিদ্ধান্ত নিয়েছেন। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জি এম চৌধুরী বলেন, পৌর পরিষদের কোনো মতামত না নিয়েই মেয়র একক সিদ্ধান্তে এটা করছেন।পুকুর ভরাট সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধা নাগরিক পরিষদের ডাকে মানববন্ধন, সভা-সমাবেশসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক আহসানুল করিম বলেন, পৌর মেয়র পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছেন। অতীতে পৌর কর্তৃপক্ষ মোটা অঙ্কের টাকা নিয়ে চারপাশে অপরিকল্পিতভাবে দোকানঘর নির্মাণ করে পৌরসভা কার্যালয়টি ঢেকে ফেলেছে। অথচ ওই টাকার সামান্য অংশ পৌর তহবিলে জমা হয়েছে।মেয়র মো. শামছুল আলম মার্কেট নির্মাণের অভিযোগ অস্বীকার করে বলেন, সভা-সমাবেশ করার মতো শহরে অনেক মাঠ এবং এই পুকুরের অদূরে স্বাধীনতা প্রাঙ্গণে বিশাল মাঠ ও মঞ্চ রয়েছে। তার পরও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ মিনার চত্বরটি রাজনৈতিক ও সামাজিক মঞ্চ হিসাবে সর্বাধিক ব্যবহার হয়ে থাকে। কিন্তু সংলগ্ন পুকুরের কারণে শহীদ মিনারের জায়গায় ২০০ থেকে ৩০০ লোকের বেশি স্থান সংকুলান হয় না। তা ছাড়া এ জায়গা প্রশস্ত করা সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের দাবি। তাই শহীদ মিনারটির মুখ দক্ষিণে ঘুরিয়ে পুকুরের ৩০ ফুট জায়গা ভরাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পৌর পার্ককে আরও আধুনিকায়ন করা হবে। তিনি দাবি করেন, পৌর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এটা করা হচ্ছে।