গাইবান্ধায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ, আহত ১০
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আজ সোমবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ জামায়াত-শিবিরের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন।
আজ সন্ধ্যা সাতটার দিকে উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের বাসুদেবপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় বাসুদেবপুর বাজারে আওয়ামী লীগের কর্মীরা জামায়াত-শিবিরের কয়েকজন কর্মীকে মারধর করেন। পরে জামায়াত-শিবিরের কর্মীরা বাসুদেবপুর গ্রামের ছাত্রলীগের কর্মী সাজু মিয়ার বাড়িতে ভাঙচুর চালান। এর জের ধরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে জামায়াত-শিবিরের কর্মীরা তাদের ওপরও হামলা চালান। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশ শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের দুই সদস্যসহ জামায়াত-শিবিরের অন্তত ১০ জন কর্মী আহত হন।
তবে গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা দাবি করেন, গতকাল রোববার রাতে বাসুদেবপুর বাজারের এক জামায়াত কর্মীর বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযান শেষে আওয়ামী লীগ পরিচয়ধারীরা ওই বাড়িতে ভাঙচুর চালায়। এ ঘটনার জের ধরে আজ আওয়ামী লীগের নেতাকে মারধর ও ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।