গাইবান্ধায় প্রকল্পের টাকা ভাগবাটোয়ারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২৮ লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বরাদ্দের মাত্র ২২ দিনের মাথায় কাজ সম্পন্ন দেখিয়ে ওই টাকা তুলে নেওয়া হয়েছে। প্রকল্পের টাকা জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প চেয়ারম্যান ও রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে ভাগবাটোয়ারা হয়েছে বলে জানা গেছে। তবে প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, টাকা ফেরত যেত। তাই আগেভাগে তুলে রাখা হয়েছে। পরে কাজ করা হবে।উপজেলা প্রকৌশল বিভাগ সূত্র জানায়, গত বছরের জুলাইয়ে এডিপির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়নে উন্নয়নকাজের জন্য ৭৪ লাখ ১৪ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে তিন কিস্তিতে পাওয়া ৪৫ লাখ ৭৮ হাজার টাকা বিভিন্ন প্রকল্পের নামে খরচ দেখানো হয়। সর্বশেষ চতুর্থ কিস্তির ২৮ লাখ ৩৬ হাজার টাকা চলতি বছরের ১ জুন বরাদ্দ পাওয়া যায়। ওই টাকার বিপরীতে ১৬টি প্রকল্প বাস্তবায়নের কর্মসূচি হাতে নেয় উপজেলা পরিষদ। প্রকল্পগুলো হচ্ছে: নলকূপ সরবরাহ ও স্থাপন, পানি নিষ্কাশনে আরসিসি রিং পাইপ স্থাপন, পশুসম্পদ উন্নয়নে রেফ্রিজারেটর ক্রয় ও ওষুধ সরবরাহ, কৃষি উন্নয়নে স্প্রে মেশিন ক্রয়, পুকুরে মাছ অবমুক্তকরণ, ক্রীড়া সামগ্রী সরবরাহ, সেলাই মেশিন, স্যানিটেশন সামগ্রী ক্রয় এবং পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও উন্নয়ন। উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভেলারায় গ্রামের ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, ‘ইউনিয়নে নলকূপ, স্প্রে মেশিন, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন কেউ পেয়েছে বলে শুনিনি। এমনকি এসব সামগ্রী বিতরণের কথাই কেউ জানে না।’ প্রকল্পভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে: বেকাটারি আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাস, বেলকা কলেজের দরজা-জানালা, ধর্মপুর পিএম বালিকা বিদ্যালয়, নাচনি ঘাগোয়া জুনিয়র উচ্চবিদ্যালয় ভবন ও শিবরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাস। এসব প্রতিষ্ঠানে নামমাত্র কাজ করা হয়েছে। ধর্মপুর পিএম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন গতকাল বুধবার বলেন, ‘স্কুলের সীমানাপ্রাচীর নির্মাণের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়। ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা। আজও টাকাই পাইনি। কাজ শুরু তো আরও পরের কথা।’এসব প্রকল্পের কাজ ২০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরুই হয়নি। উপরন্তু গত ২২ জুন উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে ২৮ লাখ ৩৬ হাজার টাকার বিল দাখিল করে পরে তা তুলে নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুল আলম প্রকল্পের টাকা ভাগবাটোয়ারার কথা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পরিষদ সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু হচ্ছে। আমি শুধু স্বাক্ষর করি।’সরেজমিন প্রকল্প এলাকায় দেখা গেছে, উপজেলার কোথাও ওই ১৬টি প্রকল্পের কাজ শুরু করা হয়নি।’ সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বাদশা কাজ না করেই প্রকল্পের কাজ শেষ দেখিয়ে বিল দাখিলের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘প্রকল্পের টাকা ভাগবাটোয়ারা ও লুটপাটের অভিযোগ সত্য নয়। জুন মাসের ২২ তারিখের মধ্যে বিল দাখিল না করলে টাকা ফেরত যেত। তাই আগেভাগে বিল উত্তোলন করা হয়েছে। কাজ সম্পন্নের পর ঠিকাদারদের বিল দেওয়া হবে।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ‘অতীতে টাকা উত্তোলনের পর কাজের কোনো নজির চোখে পড়েনি। পরে যা হওয়ার, তা-ই হবে।’ উপজেলা প্রকৌশলী এ কে এম আনোয়ারুল আলম ৮০ ভাগ সামগ্রী বিতরণের দাবি করে বলেন, ‘টাকা লুটপাট ও ভাগবাটোয়ারার অভিযোগ ঠিক নয়। ক্লোজিং মাসের কারণে বিল উত্তোলন করে রাখা আছে। অবশিষ্ট সামগ্রী বিতরণের পর প্রকল্প চেয়ারম্যানদের বিল পরিশোধ করা হবে।’ পূর্বের সম্পন্ন হওয়া প্রকল্পের কাজে অনিয়ম হয়নি বলে দাবি করেন তিনি।