গাইবান্ধায় প্রতিবন্ধী ছাত্রকে মারধরের অভিযোগ
টিকিট না থাকায় গাইবান্ধায় রেলস্টেশনের প্লাটফর্মে গত শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দৃষ্টিপ্রতিবন্ধী বাহার উদ্দিনকে (২০) পেটানোর অভিযোগ পাওয়া গেছে। বেসরকারি ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স এমজিএম ট্রেডার্সের চারজন কর্মচারী এই ঘটনা ঘটিয়েছেন।প্রতিবন্ধী ছাত্র বাহার উদ্দিন জানান, তাঁর বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামে। কয়েক দিন আগে তিনি গাইবান্ধায় বোনের বাড়িতে বেড়াতে আসেন। গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি ট্রেনযোগে বাড়ি যাওয়ার উদ্দেশে গাইবান্ধা প্লাটফর্মে অপেক্ষা করছিলেন। এ সময় এমজিএম ট্রেডার্সের প্রতিনিধি শহিদুল ইসলামের নেতৃত্বে তিনজন কর্মী যাত্রীদের টিকিট চেক করছিলেন। একপর্যায়ে তাঁরা প্রতিবন্ধী বাহার উদ্দিনের কাছে টিকিট চাইলে তিনি বলেন, ‘আমি টিকিট কাটিনি, আপনারা কে?’ এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুল ও তাঁর সহযোগীরা ক্ষিপ্ত হয়ে বাহারকে গালাগাল ও বেধড়ক মারপিট করেন। তাঁর চোখের চশমাটি ভেঙে ফেলেন এবং তাঁকে ট্রেনে উঠতে দেননি।গাইবান্ধা রেলস্টেশন মাস্টার আবদুল ওয়াহেদ বলেন, ‘অভিযুক্তরা রেলওয়ের কোনো কর্মচারী নয়। তাই আমাদের করণীয় কিছু নেই।’অভিযুক্ত শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।গাইবান্ধা এমজিএম ট্রেডার্সের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা বলেন, ‘প্রতিবন্ধী ছাত্র আমার কাছে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’