গাইবান্ধায় প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ধনকুঠি গ্রামে গতকাল রোববার কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মন্দিরের ঘণ্টা, নগদ ১৫০ টাকা, হাতুড়ি, প্লাস, চাকু, লাইট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সদর থানা-পুলিশ ও ধনকুঠি মন্দির কমিটি সূত্রে জানা গেছে, ধনকুঠি গ্রামের বটতলা তিন রাস্তার মোড় এলাকায় ওই কালীমন্দির অবস্থিত। মন্দিরে কালী প্রতিমা ছিল। গতকাল ভোর সাড়ে চারটার দিকে স্থানীয় কয়েক ব্যক্তি প্রাতর্ভ্রমণে বেরিয়ে মন্দিরের দরজা ভাঙা দেখে আশপাশের লোকজনকে খবর দেন। তাঁরা এগিয়ে গিয়ে দেখেন, মন্দিরের দরজা ভেঙা এবং ভেতরে রাখা কালী প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে আছে। এ ছাড়া প্রতিমার সামনের কাপড়ের পর্দা পুড়ে গেছে। এ সময় মন্দিরের সামনে থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধার করা হয়। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়।
এদিকে গতকাল ভোর তিনটার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বালাছিড়া এলাকায় মোটরসাইকেল আটকিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে সুন্দরগঞ্জ থানার পুলিশ। তারা হলো সুন্দরগঞ্জের পশ্চিম ছাপড়হাটি খানপাড়া গ্রামের ফয়সাল খান (১৭), নজরুল ইসলাম খান (৩৫) ও আশিকুল ইসলাম (১৬)। এ সময় তাদের কাছ থেকে মন্দিরের ঘণ্টা, নগদ ১৫০ টাকা, হাতুড়ি, প্লাস, চাকু, লাইট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল ইসলাম তাঁর কার্যালয়ে গতকাল বেলা একটায় প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন ধনকুঠি গ্রামের কালী প্রতিমা ভাঙচুরের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তারা পুলিশকে জানায়, পূজা তাদের অপছন্দ। তাই নিজেরা উদ্বুদ্ধ হয়ে এ কাজ করেছে। তাদের কেউ ইন্ধনদাতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।