গাইবান্ধায় প্রথম আলো বহনকারী গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে সংবাদকর্মী ও পত্রিকা বহনকারী গাড়ি পিকেটিংয়ের আওতামুক্ত হলেও এসব গাড়িতে হামলা বন্ধ হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হামলার ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবারও গাইবান্ধায় প্রথম আলো পত্রিকাবাহী একটি পিকআপ ভ্যানে হামলার ঘটনা ঘটেছে।

গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের অদূরে ব্র্যাক মোড় এলাকায় অবরোধ-সমর্থকেরা পিকআপে ওই হামলা চালান। বগুড়া থেকে রংপুরগামী ‘সংবাদপত্র’ লেখা পিকআপ ভ্যানটি ব্র্যাক মোড়ে পৌঁছালে অবরোধ-সমর্থকেরা সেটি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এতে পিকআপের সামনের বাতি ভেঙে যায়। এ ছাড়া পেছন থেকে এটি লক্ষ্য করে তির ছোড়া হয়েছে।

গত এক মাসে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা হরতাল-অবরোধ কর্মসূচিতে পত্রিকা পুড়িয়ে দেওয়াসহ জেলায় চার দফায় প্রথম আলো পত্রিকাবাহী গাড়ি হামলার শিকার হলো।