গাইবান্ধায় বণিক সমিতির নেতাদের দ্বন্দ্বে ভোগান্তি যাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সব রুটে আজ বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জেলা শহর থেকে কোনো যানবাহন কোথাও যাচ্ছে না। বাইরে থেকেও কোনো যানবাহন শহরে ঢুকছে না। এ কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।

ট্রাক মালিক সমিতির এক নেতাকে মারধর ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। জেলা মোটর মালিক সমিতি ও জেলা ট্রাক মালিক সমিতি এ কর্মসূচির ডাক দেয়। তা ছাড়া এ ঘটনার প্রতিবাদে জেলা শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠানেও ধর্মঘট শুরু করে গাইবান্ধা শিল্প ও বণিক সমিতি। তবে আজ বেলা একটায় ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘট স্থগিত করা হয়।

গাইবান্ধা সদর থানার পুলিশ ও জেলা ট্রাক মালিক সমিতি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে নিজস্ব মিলনায়তনে গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বণিক সমিতির এক সদস্য সমিতির সাবেক সভাপতি আবুল খায়ের মোরছালিনের বিরুদ্ধে বক্তব্য দেন। এ নিয়ে বর্তমান বণিক সমিতির সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির ও সাবেক সভাপতি আবুল খায়েরের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে আবুল খায়ের মোরছালিনের সমর্থকেরা বর্তমান সভাপতির পক্ষের জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমানের শ্যামলী পরিবহনের কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় বাধা দেওয়ায় তাঁরা মোক্তাদুর রহমান, তাঁর ছোট ভাই বাবুল মিয়া ও শ্যামলী কাউন্টারের ব্যবস্থাপক সুমন মিয়াকে মারধর করেন।

এ ঘটনার প্রতিবাদে জেলা মোটর মালিক সমিতি ও জেলা ট্রাক মালিক সমিতি মঙ্গলবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়। একই ঘটনার প্রতিবাদে গাইবান্ধা শিল্প ও বণিক সমিতি পৃথকভাবে জেলা শহরে অনির্দিষ্টকালের জন্য ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেয়।

বণিক সমিতির সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির বলেন, সভায় বার্ষিক প্রতিবেদনে সাবেক সভাপতির কিছু অনিয়ম উঠে আসে। এতে সাবেক সভাপতির সমর্থকেরা হইচই শুরু করেন। একপর্যায়ে তাঁরা চেয়ার ভাঙচুর করেন। এ ছাড়া অনিয়মের কারণে সাবেক সভাপতির সদস্যপদ বাদ দেওয়ায় তাঁর সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটায়।

সাবেক সভাপতি আবুল খায়ের মোরছালিন জানান, সমিতির সভা চলাকালীন সাধারণ সদস্যরা মতামত ব্যক্ত করতে চাইলে বর্তমান সভাপতি বাধা দেন। তাঁর এই ভূমিকা নিয়ে সদস্যদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সভাপতির লোকজন এক ব্যবসায়ীর বাসভবনে হামলা চালিয়ে তাঁকে মারধর করেন।

পরিবহন মালিককে মারধরের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা বাস টার্মিনাল এলাকায় পলাশবাড়ী সড়কের ওপর বাস-ট্রাক রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে শহীদ বুদ্ধিজীবী দিবসের কারণে আজ দুপুর ১২টার দিকে সড়কের ওপর থেকে বাস-ট্রাক সরানো হয়। পাশাপাশি বেলা একটায় ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘট স্থগিত করা হয়।

পরিবহন ধর্মঘটের কারণে আজ সকাল থেকে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগের শিকার হন। জেলা শহরের সঙ্গে যুক্ত বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, যাত্রীদের পাঁচ থেকে ছয় কিলোমিটার পথ হেঁটে জেলা শহরে ঢুকতে হচ্ছে। দুর্ভোগের শিকার গাইবান্ধা শহরের ব্রিজ রোডের ব্যবসায়ী মতিন মিয়া বলেন, ‘আজ সকালে বগুড়া থেকে গাইবান্ধা শহরে ফিরছিলাম। কোনো যানবাহন না থাকায় তিন কিলোমিটার পথ হেঁটে বাসায় আসতে হয়েছে।’ একই এলাকার চাকরিজীবী ইসমাইল হোসেন জানান, ‘বাস চলছে না। তাই বাধ্য হয়ে পরিবারের লোকজন নিয়ে শহরমুখে হাঁটছি।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।