গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া গ্রাম ডুবে গেছে। ২৫ জুলাই। প্রথম আলো-01
বন্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া গ্রাম ডুবে গেছে। ২৫ জুলাই। প্রথম আলো-01

গাইবান্ধায় আজ শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন নদ-নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। দফায় দফায় বর্ষণ ও উজানের ঢলে এই পানি বেড়েছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্লাবিত হয়ে আছে নদীতীরবর্তী গাইবান্ধার পাঁচটি উপজেলার ২৯টি ইউনিয়ন। এসব ইউনিয়নের ১ লাখ ৩৫ হাজার ৬৩৬ জন এখনো পানিবন্দী।

গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি আরও ১ সেন্টিমিটার ও ঘাঘট নদের পানি ১০ সেন্টিমিটার বেড়েছে। তবে আজ দুপুর ১২টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়িঘাট পয়েন্টে বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার ও ঘাঘট নদের পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ২৪ ঘণ্টায় করতোয়ার পানি ৫ সেন্টিমিটার কমেছে। তবে আজ দুপুর ১২টায় করতোয়ার পানি গোবিন্দগঞ্জের কাটাখালী পয়েন্টে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আজ দুপুর ১২টায় তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি ৫ সেন্টিমিটার কমেছে।

আজ দুপুরে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দফায় দফায় বৃষ্টির কারণে সামান্য করে পানি বাড়ছে। এ ছাড়া যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি পদ্মা ও মেঘনা নদীতে গিয়ে পড়ে। কিন্তু পদ্মা ও মেঘনায় পানি বেশি। এ কারণে পানি খুব ধীরগতিতে নামছে। ফলে এবার বন্যা দীর্ঘস্থায়ী হবে।