গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্তরা বাড়ি ফিরতে পারছেন না
গাইবান্ধার চারটি উপজেলায় এবারের বন্যায় ১৭ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ঘরবাড়ি মেরামত করতে পারছেন না। ফলে এখনো অনেকে বাড়ি ফিরতে পারেননি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ঘরবাড়ি মেরামতের জন্য গত বৃহস্পতিবার চারটি উপজেলায় ৬৪৩ বান্ডিল ঢেউটিন ও ২৪ লাখ ২১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি বান্ডিল ঢেউটিনের বিপরীতে তিন হাজার টাকা বরাদ্দ রয়েছে। শিগগিরই এসব ঢেউটিন ও টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এবার উজান থেকে নেমে আসা ঢলে জেলার সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার ৩০টি ইউনিয়ন প্লাবিত হয়। গত ১৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত পানি থাকায় ক্ষতিগ্রস্ত হয় ২৫ হাজার ৮১২টি পরিবার। প্রায় তিন সপ্তাহ বন্যার পানিতে ডুবে থাকায় চারটি উপজেলার ১৭ হাজার ৭৪টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় সাত হাজার ৪৫৩টি। ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি ২৭ লাখ টাকা। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও বিভিন্ন সরকারি জায়গায় আশ্রয় নেয়। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত বেশির ভাগ ক্ষতিগ্রস্ত লোকজন নিজের বাড়িতে ফিরতে পারেনি।
গত দুদিনে কয়েকটি এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা জানা গেছে। ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব কঞ্চিপাড়া গ্রামের মজনু মিয়া (৪৫) বললেন, ‘বানের পানিত ডুবি থাকি হামারঘরে দুইট্যা খড়ের ঘর নসটো হচে। তকন বানদোত থাকপ্যার জাগা (জায়গা) পাই নাই। ছোলপোল নিয়া বউয়োক তার বাপের বাড়িত পাঠে দিচি। ট্যাকার জন্নে ঘর ভালো (সংস্কার) করব্যার পাই নাই। তাই ছোলপোলোক বাড়িত আনব্যার পাচ্চিনে।’
উড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হামিদ জানান, পানিতে ডুবে থাকায় অনেক ঘরবাড়ির পাশাপাশি আসবাব, ধান-চালও ভেসে গেছে। এ কারণে অনেকেই নিজ বাড়িতে ফিরতে পারছে না।