গাইবান্ধায় বন্যায় লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
এবারের বন্যায় গাইবান্ধার ৭টি উপজেলার ১ লাখ ২১ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারিভাবে মেরামতের কোনো উদ্যোগ নেই। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। তবে জেলা ত্রাণ বিভাগ বলছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে। তালিকা পাওয়া গেলে টিন ও টাকা দেওয়া হবে।
গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, ১৩ আগস্ট ঘরবাড়িতে পানি ওঠা শুরু হয়। পানি নামা শুরু হয় ২৪ আগস্ট থেকে। ১১ দিন বন্যার পানিতে ডুবে থাকায় গাইবান্ধার ৭টি উপজেলার ১ লাখ ২১ হাজার ১৫৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
গত সোমবার বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে বিধ্বস্ত ঘরবাড়ির চিত্র। পানিতে ডুবে থাকায় ঘরের নিচের অংশ বিধ্বস্ত হয়েছে। কোনো কোনো খড়ের ঘর হেলে পড়েছে। কোনো কোনো এলাকায় ঘরের চালা ঠিক আছে, কিন্তু বেড়া পানিতে ভেসে গেছে। এর মধ্যেই কোনোমতে বসবাস করছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের কৃষক আলিম উদ্দিন (৫৫) বলেন, ‘বানের পানিত হামার দুইটে ঘর ডুবি আচিল। আট দিন বানদোত আচিনো। সোরকার থাকি ঘর ভালো করব্যার ট্যাকা পাই নাই। চেরমেন-মেমবররা খালি নাম নেকি ন্যায়, কিচু দ্যায় না।’
ফজলুপুর ইউনিয়নের ভাজনডাঙ্গা গ্রামের হাফিজ মিয়া বলেন, ‘বানের পানিত হামার তিনটে ঘর নষ্ট হচে। দুই বেলা প্যাট ভরে খাবার পাইনে, ঘর ভালো করমো কী দিয়া? ভাঙ্গাচুড়া ঘরোত কোনোমতে থাকপ্যার নাগচি।’
একই গ্রামের কৃষক সালাম মিয়া (৬০) বলেন, ‘এবারক্যা বানোত হামার দুকনে ঘর নষ্ট হচে। ভালো করব্যার পাই নাই। মেম্বরোক কচিনো, তাই কয়, সোরকার ট্যাকা দিলে দেমো। ফজলুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘ঘরবাড়ি মেরামতের জন্য সরকারি সহায়তা চেয়ে ত্রাণ বিভাগে আবেদন জানিয়েছি। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো বরাদ্দ পাইনি।’
সদর উপজেলার কড়াইবাড়ি গ্রামের কৃষক রাজু মিয়া বলেন, ‘বন্যার পানিতে ডুবে থেকে আমার তিনটি ঘর নষ্ট হয়ে গেছে। পানি নেমে গেলেও ঘরগুলো মেরামত করতে পারিনি। হাতে যে টাকাপয়সা ছিল, তা বাঁধে থেকে শেষ। তাই ভাঙ্গাচুড়া ঘরে কোনোমতে থাকছি।’
ঘরবাড়ি মেরামত প্রসঙ্গে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ঘরবাড়ি মেরামতের জন্য ২ হাজার ৯ বান্ডিল ঢেউটিন ও ৬০ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে। তালিকা পাওয়া গেলে পরিবারপ্রতি ১ বান্ডিল টিন ও ৩ হাজার করে টাকা দেওয়া হবে।