গাইবান্ধায় বর্ষণে দুর্ভোগ, ভাঙন
গাইবান্ধায় তিন দিন ধরে থেমে থেমে চলছে বৃষ্টিপাত। এতে কর্মজীবী মানুষ যেমন দুর্ভোগের শিকার হচ্ছে, তেমনি জেলার ওপর দিয়ে যাওয়া নদ-নদীতে পানি বাড়ায় বেড়েছে ভাঙন।
সরেজমিনে দেখা গেছে, গতকাল ছুটির দিন হলেও ঈদের কারণে শহরের দোকানপাট খোলা ছিল। কিন্তু লোকজনের উপস্থিতি ছিল খুবই কম। দিনমজুরেরাও সবাই ছিলেন জবুথুবু হয়ে বসা। গতকাল গাইবান্ধা সদর উপজেলার বালুয়া গ্রামের রিকশাচালক আবদুল খালেক (৪৫) বলেন, ‘পোত্তেক দিন শহোরোত এ্যাকসা চলেয়া ২০০ থাকি ২৫০ ট্যাকা কামাই করি। কিনতো আইজ (গতকাল শুক্রবার) ঝরির (বৃষ্টি) জন্যে সোকাল থাকি সনদে ছয়টা পরজনতো ৬৫ ট্যাকা কামাই করচি। একনা ট্যাকা দিয়া খামো কী, ঈদোত খরচ কমমো কী।’
এদিকে বর্ষণের কারণে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, সাধারণত বর্ষণ, পানি বৃদ্ধি ও নদীতে পানি টান দেওয়ার সময় ভাঙন দেখা দেয়। গত তিন দিনের বর্ষণে ওই তিনটি নদীর ভাঙনে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, তারাপুর, গাইবান্ধা সদর উপজেলার গোঘাট, খারজানি, সাঘাটা উপজেলার চিনিরপটল, দীঘলকান্দি, হলদিয়া, গোবিন্দি এবং ফুলছড়ি উপজেলার সিংরিয়া, রতনপুর, গণকবর, কামারপাড়া, বাউসি
গ্রামের অসংখ্য গাছপালা, আবাদি জমি ও অর্ধশতাধিক ঘরবাড়ি বিলীন হয়।
সাঘাটা উপজেলার চিনিরপটল গ্রামের কৃষক জাকির হোসেন বলেন, ‘যমুনার ভাঙনে গত দুই দিনে আমার তিনটি ঘর নদীতে গেছে।’
একই উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দৈনিক দুই থেকে তিন ফুট এলাকা যমুনার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু হলদিয়া এলাকায় ভাঙনরোধে কোনো ব্যবস্থা নেই।
গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া বলেন, এই মুহূর্তে হলদিয়া এলাকায় ভাঙনরোধে কোনো কর্মসূচি নেই। তবে সিংরিয়া, রতনপুর, গণকবরসহ মোট পাঁচটি এলাকায় ভাঙনরোধে জরুরি প্রতিরক্ষামূলক কাজের জন্য পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে ওই সব এলাকায় ভাঙন প্রতিরোধে কাজও শুরু হয়ে গেছে।