গাইবান্ধা সদর উপজেলার বেড়াডাঙ্গা বাজারে গত সোমবার রাতে সংখ্যা-লঘুদের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা। এর জের ধরে গতকাল মঙ্গলবার স্থানীয় বিএনপি কর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা।
এ ছাড়া সোমবার রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংখ্যালঘু দুই পরিবারের ধানের ও খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে।
এদিকে ঠাকুরগাঁওয়ে হামলার ভয়ে মন্দিরে আশ্রয় নেওয়া সংখ্যালঘু পরিবারগুলো প্রশাসনের নিরাপত্তার আশ্বাসে গতকাল বাড়ি ফিরেছে। আর দিনাজপুরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়ছে। পুলিশ গ্রেপ্তার করেছে নয়জনকে।
আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধায় হামলা, পাল্টা হামলা: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাত নয়টার দিকে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা বেড়াডাঙ্গা বাজারের নরেশ চন্দ্র কর্মকার ও ননী গোপাল কর্মকারের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও তাঁদের ঘরবাড়ি ভাঙচুর করেন। এ সময় তাঁরা ননী গোপাল, নরেশ চন্দ্রসহ তিনজনকে মারধর করেন। তাঁদের মধ্যে ননী গোপালকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ননী গোপাল গতকাল প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন আগে থেকেই স্থানীয় বিএনপি ও জামায়াতের কর্মীরা আমাদেরকে ভোট দিতে নিষেধ করে আসছিলেন। কিন্তু আমরা ভোট দিতে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁরা আমাদের ওপর হামলা চালিয়েছেন।’
সংখ্যালঘুদের হামলার প্রতিবাদে গতকাল সকালে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা কুপতলা বাজারে মিছিল বের করেন। তাঁরা কুপতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে দেখতে পেয়ে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তিনি স্থানীয় বিএনপি কর্মী শালু মিয়ার বাড়িতে আশ্রয় নেন। সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালিয়ে শালু মিয়ার ঘরের দরজা-জানালা ভাঙচুর এবং চেয়ারম্যান রফিকুল ইসলামকে মারধর করেন। এ সময় বিএনপির আরও দুজন কর্মী আহত হন। তাঁদের মধ্যে চেয়ারম্যানকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসাবশত আমাকে মারধর করা হয়।’
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, সোমবার রাতের ঘটনায় ননী গোপাল মামলা করেছেন।
নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ বেজুগালিয়া গ্রামের সুন্দর মাঝির বাড়ির উঠানে ধানের গাদায় গত সোমবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বেশির ভাগ ধান পুড়ে যায়। একই রাতে উপজেলার তমরদ্দি গ্রামের সুরেন্দ্র নাথের বাড়ির উঠানে খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে।
দুই বাড়ির লোকজন অভিযোগ করেছেন, আগুন দেওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবিরের লোকজন জড়িত বলে তাঁরা সন্দেহ করছেন।
ঠাকুরগাঁওয়ে এলাকায় ফিরছে সংখ্যালঘুরা: বিএনপি-জামায়াতের সহিংসতার ভয়ে রোববার রাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসে ইসকন মন্দিরে আশ্রয় নেওয়া ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর এলাকার হিন্দুরা গতকাল প্রশাসনের নিরাপত্তার আশ্বাসে এলাকায় ফিরে গেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় বসানো হয়েছে সেনাবাহিনী ও পুলিশের অস্থায়ী চৌকি। নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে রাত-দিন।
গতকাল দুপুরে ইসকন মন্দিরে গিয়ে কথা হয় গোপালপুর গ্রামের শশী মোহন রায়ের সঙ্গে। তিনি বলেন, ‘সবাই মন্দির ছেড়ে বাড়ি ফিরে গেলেও আমি সাহস পাচ্ছি না। আজ রাত পর্যন্ত পরিস্থিতি দেখে কাল সকালে বাড়ি ফেরার কথা ভাবছি।’
দিনাজপুরে দুটি মামলা, গ্রেপ্তার নেই: দিনাজপুরের চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, লুটপাট ও নির্যাতনের ঘটনায় দুটি মামলা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষে মনোহর সরকার ও কার্তিক চন্দ্র রায় মামলা দুটি করেছেন। উভয় মামলায় ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ জনকে আসামি করা হয়েছে। সোমবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মামলার নয়জন আসামিকে গ্রেপ্তার করেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল কর্ণাই গ্রামের তেলীপাড়া, প্রীতমপাড়া, মাধবপাড়া, অজয়পাড়া, সাহাপাড়া ও হরিশপাড়ায় গিয়ে কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হয়। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ঢেউটিন, কম্বল ও চাল বিতরণ করা হয়।
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী জানিয়েছেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান মিয়াকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত রোববার বিকেলে কর্ণাই গ্রামে হিন্দুদের দেড় শতাধিক বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের কর্মী-সমর্থকেরা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একটি তালিকা করা হয়েছে। তালিকায় ১৫৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের নাম উল্লেখ করা হয়েছে। সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক পরিমল চক্রবর্তী ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছেন।
দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম, দিনাজপুর উদীচীর সভাপতি মো. আসাদুল্লাহ সরকার, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, মহিলা পরিষদ সভাপতি কানিজ রহমান, সিপিবি সভাপতি মো. আলতাফ হোসাইন, আইনজীবী সমিতির সভাপতি হামিদুল ইসলাম নিজ নিজ সংগঠনের পক্ষে পৃথক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।